বাংলাদেশের স্থিতিশীলতায় গুরুত্ব ভারত ও যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উন্নয়নের স্বার্থে বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকা উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র ও ভারত।

গতকাল শুক্রবার দিল্লিতে ভারতীয় পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার আলোচনায় দুই দেশ এ অভিমত ব্যক্ত করেছে। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো গতকাল বিকেলে প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, দিল্লি সফরের তৃতীয় দিনে শুক্রবার ড্যান মজীনার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে দেখা করার কথা ছিল। শেষ পর্যন্ত তাঁদের বৈঠকটি হয়নি।

বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতিতে একে অন্যকে বুঝতে ও বোঝানোর অংশ হিসেবে মজীনা গত বুধবার দিল্লি যান। গতকাল ভারতের শীর্ষ কূটনীতিকের সঙ্গে আলোচনায় মজীনা বাংলাদেশ নিয়ে তাঁর দেশের ভাবনা তুলে ধরেন। পাশাপাশি মজীনা বুঝতে চেয়েছেন প্রতিবেশী বাংলাদেশের ‘ক্রান্তিকাল’ নিয়ে কী ভাবছে ভারত। কারণ, দুই দেশ বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান চাইলেও তাদের মধ্যে কিছু মতপার্থক্য আছে।

দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, ড্যান মজীনার অনুরোধেই ভারতের কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের আয়োজন করা হয়। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের দিল্লি সফর নির্ধারিত হয়েছিল বেশ কয়েক দিন আগে।

ড্যান মজীনা গতকাল দিনের প্রথম ভাগে ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন। আলোচনার সময় ড্যান মজীনার সঙ্গে ছিলেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি জে পাওয়েল।

গতকালের আলোচনায় দুই পক্ষই মত দিয়েছে, বাংলাদেশ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাটা জরুরি। এ ক্ষেত্রে ভারতের যুক্তি হচ্ছে, নিজেদের স্থিতিশীলতার অনুকূল পরিবেশের স্বার্থে প্রতিবেশী বাংলাদেশের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। তাই প্রতিবেশীর সঙ্গে শান্তি ও উন্নয়নে সহযাত্রী হওয়াটা ভারতের কাম্য। আর কৌশলগত অবস্থানের কারণে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিচ্ছে।

বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকেরা সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ দেন। চলমান রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবাদ উসকে দেবে এমন শক্তির উত্থান রোধে বাংলাদেশের সজাগ থাকা উচিত বলে মত দেন দুই দেশের কূটনীতিকেরা।