বাংলাদেশের স্থিতিশীলতার ওপর গুরুত্ব চীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে বন্ধুদেশ হিসেবে শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় চীন।

দুই দিনের বাংলাদেশ সফরের সময় বেইজিংয়ের এ বার্তা ঢাকার কর্মকর্তা ও রাজনীতিবিদদের কাছে তুলে ধরেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত লুও ঝাউহুই। লুও ঝাউহুই গত বুধবার দুই দিনের সফরে ঢাকায় আসেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়াও ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মুস্তাফা কামালের সঙ্গে বৈঠক করেন।

গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন লুও ঝাউহুই। কূটনৈতিক সূত্রে জানা গেছে, চীন সরকারের নিরাপত্তা বিষয়ে পরামর্শদানকারী এ কর্মকর্তা বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেন। আগামী দশকে দুই দেশের কৌশলগত সহযোগিতার রূপরেখা প্রণয়নের জন্য তিনি ঢাকায় এসেছেন। সেই সঙ্গে বাংলাদেশের আগামী নির্বাচনের পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান জানার আগ্রহ ছিল বলে সূত্র জানায়। গতকাল ঢাকায় চীনা দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিপক্ষীয় বন্ধুত্বের বিকাশ এবং সর্বাত্মক সহযোগিতা বাড়ানো, বিশেষ করে বিসিআইএম অর্থনৈতিক করিডর নির্মাণে সমন্বয় জোরদারের লক্ষ্যে লুও ঢাকা সফর করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে এসেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় চীন উদ্বিগ্ন। তবে জাতিসংঘের উদ্যোগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির মধ্যে সংলাপ হওয়ায় চীন উৎসাহ বোধ করছে। চীন মনে করে, বাংলাদেশের নেতৃত্বের প্রজ্ঞার পরিচয় দেওয়ার জন্য এটাই যথার্থ সময়।

লুও ঝাউহুই গতকাল সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গেও তাঁর বারিধারার বাসায় দেখা করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সংলাপের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় চীন। সুষ্ঠু নির্বাচনের জন্য চীন বাংলাদেশকে যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত।