বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের শ্রেষ্ঠ নিদর্শন 'মুজিবনগর' : মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের মুজিবনগরে আজ বুধবার মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে নির্মিত ভাস্কর্য পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা। ছবি : তুহিন আরন্য
মেহেরপুরের মুজিবনগরে আজ বুধবার মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে নির্মিত ভাস্কর্য পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা। ছবি : তুহিন আরন্য

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘আমার বহু বছরের স্বপ্ন ছিল মুজিবনগর আসার। সেই মুজিবনগরে এসে আমার পুরোনো স্বপ্ন নতুন করে বাস্তবায়িত হলো। বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের শ্রেষ্ঠ নিদর্শন মুজিবনগর। কেননা, এখানে বাংলাদেশের প্রথম সরকারের শপথ ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ হয়েছিল।’
আজ বুধবার দুপুরে মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগর সফরকালে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, মুজিবনগর সরকার এ দেশের নয় মাসের স্বাধীনতাযুদ্ধ পরিচালনা করেছিল। স্বাধীনতাযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে মূর্ত করে তুলতে এখানে ভাস্কর্যের মাধ্যমে সবকিছু তুলে ধরা হয়েছে। তাই দেশ ও বিদেশের প্রতিটি পর্যটকের উচিত বাংলাদেশকে জানতে এই মুজিবনগর ঘুরে যাওয়া। তিনি বলেন, মুজিবনগরে না এলে বাংলাদেশে তাঁর অবস্থান অপূর্ণ রয়ে যেত।

মুজিবনগরে গণপূর্ত রেস্ট হাউসে মার্কিন রাষ্ট্রদূতকে গান গেয়ে শোনান বাউলশিল্পীরা।
মুজিবনগরে গণপূর্ত রেস্ট হাউসে মার্কিন রাষ্ট্রদূতকে গান গেয়ে শোনান বাউলশিল্পীরা।



এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর পৌঁছে জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামসহ জেলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন ড্যান মজীনা। পরে সার্কিট হাউসে তাঁকে গার্ড অব অনার দেয় পুলিশের একটি দল। দুপুর ১২টা ১০ মিনিটে মুজিবনগরে গণপূর্ত রেস্ট হাউসে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে বাউলশিল্পীরা তাঁকে গান গেয়ে শোনান।

পরে মুজিবনগর স্মৃতিসৌধ, মুজিবনগর স্বাধীনতা মানচিত্র ও মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন স্থান ঘুরে দেখেন ড্যান মজীনা। এ সময় তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের তথ্য ও যোগাযোগ বিভাগের প্রধান মেরিনা ইয়াসমিন, কালচারাল অ্যাফেয়ার্স কর্মকর্তা বিলাল ফারুকী, জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুর তিনটার দিকে কুষ্টিয়ার উদ্দেশে রওয়ানা হন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা।