বাংলাদেশের স্বাস্থ্য খাতের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের প্রশংসা করে বলেছেন, ১৫ বছর আগেও বাংলাদেশে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও নানান সংক্রামক রোগের ব্যাপকতা ছিল। সেসব এখন অনেক কমে গেছে। মা ও শিশুমৃত্যুর হার হ্রাসের ক্ষেত্রে এ দেশ প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। গতকাল বুধবার সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতাল পরিদর্শন ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) উদ্যোগে পরিচালিত মা মনি হেলথ প্রকল্পের একটি কর্মশালায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মজীনা বলেন, এ দেশের মা ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে যুক্তরাষ্ট্রেরও অংশীদারি রয়েছে। এ অংশীদারি লক্ষ্মীপুরে শক্তিশালী প্রভাব ফেলছে। তিনি বলেন, আর কোনো নবজাতকের মৃত্যু যেন না হয়, সে জন্য লক্ষ্মীপুর হাসপাতালে একটি ওয়ার্ড তৈরিতে তাঁর সরকার সাহায্য করবে।
দুপুরে জেলা সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মজীনা। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সফরসঙ্গী ইউএসএআইডির মিশন পরিচালক জেনিনা জারুজেসস্কি, জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান, জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান প্রমুখ। পরে সার্কিট হাউস প্রাঙ্গণে মজীনাকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।