বাংলাদেশের ২৫ বিঘা জমি ফেরত দিল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা সীমান্তের বাংলাদেশের ২৫ বিঘা জমি ফেরত দিয়েছে ভারত। জমির মালিকানা দাবি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর দীর্ঘ আলোচনা ও পর্যবেক্ষণের পর সম্প্রতি ভারতের পক্ষ থেকে এ জমি ফেরত দেওয়া হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর সূত্রে জানা গেছে, কুরমা সীমান্তের ছেচারকোনা এলাকায় বাংলাদেশের ২৫ বিঘা জমি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সহায়তায় দীর্ঘদিন ধরে ভারতীয় নাগরিকেরা চাষাবাদ করে আসছিলেন। এ নিয়ে গত ১০-১৫ বছর বিজিবি ও বিএসএফের মধ্যে অনেক পত্র আদান-প্রদান ও পতাকা বৈঠক হয়।
১৪ নম্বর বিজিবি ব্যাটালিয়নের বর্তমান অধিনায়ক লে. কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার একাধিকবার সরেজমিনে ঘুরে ও পর্যবেক্ষণ করে নিশ্চিত হন ভারতীয়দের দখলে থাকা ওই জমি বাংলাদেশের। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকে তিনি বিএসএফ-এর ২৭ ব্যাটালিয়নের অধিনায়কের কাছে বাংলাদেশের জমি ফেরত চান এবং তাঁর দাবির পক্ষে তথ্যপ্রমাণাদি উপস্থাপন করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উভয় পক্ষ সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শন শেষে যৌথ জরিপে জমি বাংলাদেশের বলে প্রমাণিত হয়। এ পরিপ্রেক্ষিতে বিএসএফের স্থানীয় প্রতিনিধিরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
পরে শ্রীমঙ্গলের বিজিবি ১৪ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক চৌধুরী সাইফ উদ্দিন কাউসার ও কুরমা সীমান্ত ফাঁড়ির কমান্ডার হাবিবুর রহমানের তৎপরতায় এক পতাকা বৈঠকের মাধ্যমে ২৫ বিঘা জমি বিজিবির হাতে হস্তান্তর করে বিএসএফ।
কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার বলেন, পুরো জুন মাসে দফায় দফায় জমি পরিমাপ করে বিএসএফ বিজিবির কাছে সে জমি হস্তান্তর করেছে। তবে বিএসএফের অনুরোধে এ-সংক্রান্ত কোনো খবর সংবাদমাধ্যমকে জানানো হয়নি।