বাংলাদেশের 'অবৈধ' অভিবাসী ভারতের জন্য হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে বাংলাদেশের বড় আকারের কোনো ‘অবৈধ’ অভিবাসন নেই—ভারত সরকারের এই দাবির একেবারে উল্টো কথা বললেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং। রাজধানী নয়াদিল্লির এক সেমিনারে তিনি গত মঙ্গলবার বলেন, ভারতে বাংলাদেশের নাগরিকদের ‘অবৈধ’ অভিবাসন একটি বড় উদ্বেগের বিষয়।
জেনারেল বিক্রম বলেন, বাংলাদেশের ‘অবৈধ’ অভিবাসনের ফলে উত্তর-পূর্ব ভারতে জনসংখ্যার বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে। এটা আসামের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছে।
প্রতিবেশী দুটি দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকের আগে বিক্রম সিং এই কথা বললেন। আগামী ২৩ ফেব্রুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে বৈঠকের দিন ধার্য আছে। ভারতের মেঘালয় রাজ্যের ডাউকিতে ওই বৈঠকেও এই ‘অবৈধ অভিবাসন’-এর বিষয়টি উত্থাপন করবে বিএসএফ। গত মঙ্গলবার ত্রিপুরার আগরতলায় বিএসএফের এক শীর্ষ কর্মকর্তা এ কথা জানান গণমাধ্যমের কাছে। তিনি বলেন, বাংলাদেশে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির বিষয়টি জোরেশোরে বিএসএফের পক্ষ থেকে উপস্থাপন করা হবে।
চার দিনের বৈঠকের আগে বিজিবির পক্ষ থেকেও আলোচ্য বিষয়গুলো বিএসএফকে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।