বাংলাদেশের 'তাৎপর্যহীন অগ্রগতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে গতকাল দুর্নীতির ধারণাসূচক উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান  প্রথম আলো
সংবাদ সম্মেলনে গতকাল দুর্নীতির ধারণাসূচক উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলো

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় নিম্নক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান এ বছর ১৬। গত বছরের চেয়ে বাংলাদেশ এক স্কোর বেশি পেয়েছে এবং অবস্থানে তিন ধাপ এগিয়েছে। বাংলাদেশের এই অগ্রগতিকে তাৎপর্যহীন বলছে টিআইবি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শূন্য থেকে ১০০ মানের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৭ স্কোর। ২০১২ সালে পেয়েছিল ২৬ স্কোর। তখন বাংলাদেশের অবস্থান ছিল ১৩।

অবস্থানের দিক থেকে বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে এবং স্কোর এক বেশি পেয়েছে। এই অগ্রগতিকে টিআইবি তাদের ব্যাখ্যায় তাৎপর্যহীন বলেছে। কারণ, বৈশ্বিক গড় স্কোরের তুলনায় বাংলাদেশের স্কোর কম হওয়ায় দেশে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা উদ্বেগজনক। এই পরিস্থিতিতে দুর্নীতি দমনে আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।

টিআইবি বলছে, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুর্নীতিবিরোধী কার্যক্রম বাস্তবায়নে ঘাটতি, দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্বাধীনতা ও কার্যকারিতা ক্ষুণ্ন করার প্রয়াশ, ক্ষমতাশালী মহলের লাগামহীন ভূমি, নদী ও জলাশয় দখল এবং টেন্ডার-বাণিজ্যের কারণে দুর্নীতি ব্যাপকতা ও গভীরতা পেয়েছে। পদ্মা সেতু, রেলওয়ে কেলেঙ্কারি, শেয়ারবাজার, হল-মার্ক, ডেসটিনি ও রানা প্লাজার মতো ঘটনা বাংলাদেশের অবস্থানে বড় ভূমিকা রেখেছে।

বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান টিআই ১৭৭টি দেশের ওপর জরিপ করেছে। এর মধ্যে দুর্নীতিমুক্ত কোনো দেশ নেই। তবে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড। এই দুটি দেশ ১০০ মানের মধ্যে ৯১ স্কোর পেয়েছে। তিনটি দেশ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত: সোমালিয়া, উত্তর কোরিয়া ও আফগানিস্তান। এদের প্রত্যেকের স্কোর ৮।

সংবাদ সম্মেলনের শুরুতে ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা চলছে। দেশে সুস্থ পরিবেশ ফিরে আসবে— এই আশা প্রকাশ করে তিনি বলেন, সব দলের অংশগ্রহণে দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জাতীয় সংসদ দুর্নীতি প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই সংসদ নির্বাচনে সব মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করুন, সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক—এটাই টিআইবির প্রত্যাশা। একদলীয়ভাবে বা আংশিকভাবে বা একটি দলকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হলে তা কার্যকর হবে না, দুর্নীতি প্রতিরোধে সহায়ক হবে না।

বাংলাদেশের সমান স্কোর পেয়ে তালিকায় একই অবস্থানে (১৩৬) আছে আইভরি কোস্ট, গায়ানা ও কেনিয়া। বাংলাদেশের চেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ এখন ৩৮টি, অর্থাৎ এদের স্কোর বাংলাদেশের চেয়ে কম। দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তান (অবস্থান ১৭৫) ছাড়া সবার অবস্থান বাংলাদেশের ওপরে। সবচেয়ে ভালো ভুটানের, স্কোর ৬৩ (অবস্থান ৩১)। বাংলাদেশের কাছাকাছি স্কোর পাকিস্তানের, ২৮ (অবস্থান ১২৭)। শ্রীলঙ্কা, ভারত ও নেপালের স্কোর যথাক্রমে ৩৭ (অবস্থান ৯১), ৩৬ (অবস্থান ৯৪) ও ৩১ (অবস্থান ১১৬)। উপাত্তের স্বল্পতার কারণে মালদ্বীপকে এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়নি।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ একাদিক্রমে পাঁচ বছর তালিকার সর্বনিম্ন অবস্থানে ছিল। ২০০৬ সালে এই অবস্থান হয় নিম্নক্রম অনুযায়ী তৃতীয়, ২০০৭ সালে সপ্তম, ২০০৮ সালে ১০তম, ২০০৯ সালে ১৩তম, ২০১০ সালে ১২তম এবং ২০১১ ও ২০১২ সালে ১৩তম।

সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন, ২০১০ সালের পর থেকে দেশে দুর্নীতির ক্ষেত্রে একধরনের স্থিতাবস্থা বিরাজ করছে। বাংলাদেশের অবস্থান কত হলে ভালো বা সন্তোষজনক হতো, এমন এক প্রশ্নের উত্তরে ইফতেখারুজ্জামান বলেন, বৈশ্বিক গড় স্কোর ৪৩। বাংলাদেশের স্কোর গড় বা গড়ের চেয়ে ভালো করলে সন্তোষজনক বলা যেত।

টিআইবি মনে করে, দুদক সরকারের বি-টিমের ভূমিকা পালন করেছে। উচ্চ মাত্রার দুর্নীতির মামলার ক্ষেত্রে দুদক প্রশ্নবিদ্ধ অবস্থান নিয়েছে। ২০১০ সাল থেকেই দুদকের ওপর চাপ প্রয়োগের খেলা চলছে। দুদক আইনের সর্বশেষ সংশোধনী পরিস্থিতিকে আরও নাজুক করেছে, যদিও দুর্নীতির ধারণা সূচকে বিষয়টি অন্তর্ভুক্ত হয়নি। ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমনের ক্ষেত্রে সংসদ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বর্জন ও স্বার্থের দ্বন্দ্বের কারণে সংসদ ছিল দুর্বল।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে বা কমানোর ক্ষেত্রে সরকার কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেয়নি। দুর্নীতি কমানোর ক্ষেত্রে আন্তরিকতার অভাব দেখা গেছে।

বার্লিনভিত্তিক টিআই বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ১৩টি জরিপের তথ্য দুর্নীতির ধারণা সূচক তৈরিতে ব্যবহার করে। বাংলাদেশের ক্ষেত্রে সাতটি প্রতিষ্ঠানের জরিপ ব্যবহার করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো: ব্যার্টেলসম্যান ফাউন্ডেশন ট্রান্সফরমেশন ইনডেক্স, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের কান্ট্রি রিস্ক অ্যাসেসমেন্ট, গ্লোবাল ইনসাইট কান্ট্রি রিস্ক অ্যাসেসমেন্ট, পলিটিক্যাল রিস্ক সার্ভিসেস ইন্টারন্যাশনাল কান্ট্রি রিস্ক গাইড, বিশ্বব্যাংকের কান্ট্রি পারফরম্যান্স অ্যান্ড ইনস্টিটিউশনাল অ্যাসেসমেন্ট, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এক্সিকিউটিভ ওপিনিয়ন সার্ভে এবং ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের রুল অব ল ইনডেক্স। জরিপে ২০১১ সালের ফেব্রুয়রি থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর—এই সময়ের তথ্য ব্যবহার করা হয়েছে। টিআইবির গবেষণার কোনো তথ্য এই সূচকে ব্যবহার করা হয়নি।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী নির্বাচনে ইশতেহারগুলোতে দুর্নীতিবিরোধী প্রত্যয় পুনর্ব্যক্ত করার সম্ভাবনা আছে। এ বিষয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি দেখা যাবে। তবে এ ক্ষেত্রে দরকার শক্তিশালী সংসদ ও সংসদীয় কমিটি, শক্তিশালী দুদক, বিচার বিভাগের স্বাধীনতা এবং আইন প্রয়োগকারী সংস্থার পেশাদারি।

দুদক নিয়ে এক প্রশ্নের উত্তরে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, একজন সাংসদের সুপারিশের ভিত্তিতে দুদক আইনে একটি ধারা যুক্ত করে সংসদে তা পাস করা হয়। অতি দ্রুততার সঙ্গে রাষ্ট্রপতির স্বাক্ষরও নেওয়া হয়। এ ঘটনা অসাংবিধানিক, ন্যক্কারজনক। এই আইন বৈষম্যমূলক ও দুর্নীতি-সহায়ক।