বাংলাদেশ-বন্ধু পিটার কাস্টার্স আর নেই

ইউরোপে বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত পিটার কাস্টার্স আর নেই। ৩ সেপ্টেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে নেদারল্যান্ডসের লেইডেনে নিজ বাসভবনে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সাংবাদিক হিসেবে বাংলাদেশের পক্ষে জনমত তৈরিতে ভূমিকা রেখেছিলেন তিনি। পরে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে ইউরোপসহ পৃথিবীজুড়ে জনমত তৈরিতে ভূমিকা পালন করেছিলেন এই ডাচ গবেষক ও সাংবাদিক। তিনি প্রথম আলোর ইউরোপ প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।
পিটার কাস্টার্সের মৃত্যুতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গভীর শোক প্রকাশ করেছে।
পিটার কাস্টার্স বাংলাদেশে জঙ্গি ও মৌলবাদের উত্থান এবং যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে চারটি শুনানির আয়োজনে সহায়তা করেছিলেন। এসব শুনানিতে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সামনে বাংলাদেশ থেকে প্রতিনিধিরা গিয়ে যুদ্ধাপরাধের বিচারের পক্ষে তাঁদের মতামত দেন। এ ছাড়া পিটার বাংলাদেশের নারী শ্রম ও পুঁজির পুঞ্জিভবন, তৈরি পোশাক শ্রমিক, মাওলানা ভাসানী, কাজী নজরুল ইসলাম ও লালনের ওপর গবেষণা করেছেন। এ বিষয়ে তাঁর বেশ কয়েকটি বই রয়েছে। এ ছাড়া বিশ্বজুড়ে প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার এবং অস্ত্র বাণিজ্যের নেতিবাচক দিক নিয়েও পিটারের গবেষণামূলক বই রয়েছে।
স্বাধীনতার পর পিটার কাস্টার্স বাংলাদেশে সাংবাদিক হিসেবে আসেন। পরে তৎকালীন বিভিন্ন বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন তিনি। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) একজন তাত্ত্বিক ও কর্মী হিসেবে ভূমিকা রাখেন সমাজতন্ত্রের অনুসারী এই সাংবাদিক ও গবেষক।
১৯৭০ সালে নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পিটার। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের ওপর পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়ে তিন বছর পড়াশোনা করেন। কিন্তু পিএইচডি শেষ না করেই তিনি বাংলাদেশে এসে জাসদের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। পরে নেদারল্যান্ডসের নিজমেগানে ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্ব নিয়ে পিএইচডি ডিগ্রি শেষ করেন তিনি।
১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর হামলা ও গণহত্যা চালালে যুক্তরাষ্ট্রে অবস্থানরত পিটার কাস্টার্স এর বিরুদ্ধে সোচ্চার হন। যুদ্ধবিরোধী নেত্রী এনা টেইলরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সভা ও সমাবেশ করেন তিনি। ১৯৭৩ সালে নেদারল্যান্ডসের দ্য নিউ আমস্টারডাম পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে যোগ দিয়ে স্থায়ীভাবে বাংলাদেশে অবস্থান শুরু করেন পিটার।
১৯৭৫ সালের ৮ ডিসেম্বর পিটার কাস্টার্সকে গ্রেপ্তার করে একটি গোয়েন্দা সংস্থা। বঙ্গবন্ধুর হত্যার পর সামরিক সরকারের সময় আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১৯৭৬ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত কারাভোগের পর ডাচ দূতাবাসের মধ্যস্থতায় পিটারকে ছেড়ে দেয় সামরিক সরকার এবং বাংলাদেশে তার প্রবেশ নিষিদ্ধ করে। পরে ১৯৯২ সালে পিটার আবার বাংলাদেশে আসেন। বাংলাদেশের কৃষক ও তৈরি পোশাক খাতের শ্রমিকদের অধিকার নিয়ে আন্তর্জাতিক পরিসরে আন্দোলন ও জনমত তৈরি করেন তিনি।
প্রথম আলো, ভারতের অনিক ও অগ্রণীসহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন পিটার কাস্টার্স। মৃত্যুর আগ পর্যন্ত লালনের রাজনৈতিক দর্শন নিয়ে গবেষণা করছিলেন বাংলাদেশের বন্ধু পিটার কাস্টার্স।