বাংলাদেশ-ভারত টাস্কফোর্স বৈঠক অক্টোবরে
স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ভারত টাস্কফোর্সের প্রথম বৈঠক বসছে অক্টোবর মাসে। ওই সময় টাস্কফোর্সের ভারতীয় সদস্যরা ঢাকায় যাবেন। বাংলাদেশি সদস্যদের সঙ্গে বৈঠকে ঠিক হবে, দুই দেশের স্বাস্থ্য পরিষেবার ভালো কোন কোন বিষয় অন্য দেশ গ্রহণ করবে। ভারত সফররত বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল শনিবার সংবাদমাধ্যমকে এ কথা জানান।
মোহাম্মদ নাসিম বলেন, নভেম্বর মাসে ঢাকায় আন্তর্জাতিক এইডস সম্মেলন হবে। পৃথিবীর ১২৪টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা সেই সম্মেলনে যোগ দেবেন। তখন ঢাকায় যাবেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী জয়প্রকাশ নাড্ডা। সেই সফরে টাস্কফোর্সের সুপারিশ দুই দেশের স্বাস্থ্যমন্ত্রীরা বাস্তবায়িত করবেন বলে নাসিম জানান।
ভারতের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মোহাম্মদ নাসিম গত শুক্রবার বৈঠক করেন। সেই বৈঠকেই ঠিক হয়, দুই দেশ একে অন্যের ভালো ও কার্যকর পরিষেবাগুলো গ্রহণ করবে। বাংলাদেশের ‘কমিউনিটি ক্লিনিক’-ব্যবস্থা ভারতের নজর কেড়েছে। বাংলাদেশের এই প্রকল্প নিজেরা বাস্তবায়নের আগ্রহ দেখিয়েছে ভারত।
প্রতিশ্রুত ২০০ কোটি ডলারের ভারতীয় ঋণের কিছু অর্থ স্বাস্থ্য খাতে ব্যয় করার সুযোগ চেয়েছে বাংলাদেশ। এ কথা উল্লেখ করে মোহাম্মদ নাসিম গতকাল বলেন, ভারত ঋণের শর্ত শিথিল করলে সেই টাকা তাঁরা চারটি নতুন হাসপাতাল নির্মাণ ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে খরচ করবেন। চারটি নতুন হাসপাতাল তৈরি হচ্ছে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর ও রাঙামাটিতে। এ ছাড়া ঋণের টাকায় ঢাকায় একটি ক্যানসার এবং একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটও তৈরি করতে তাঁরা আগ্রহী।