বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিবদের দীর্ঘ বৈঠক
নিরাপত্তা, যোগাযোগ, সীমান্ত হত্যা, পানিসম্পদসহ দ্বিপক্ষীয় সম্পর্কের যাবতীয় বিষয় নিয়ে বাংলাদেশ ও ভারতের দুই পররাষ্ট্রসচিবের মধ্যে গতকাল সোমবার দীর্ঘ বৈঠক হয়। বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ টুইট করে বলেন, ‘আরও এক ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলছি। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিবদের আলোচনা শেষ হলো।’
এ বৈঠকে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভারতে এসেছে। ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে শহীদুল হকের সাক্ষাৎ হওয়ার কথা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে যে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, গতকাল সন্ধ্যার দীর্ঘ বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা তা পর্যালোচনা করেন। এই আলোচনায় প্রাধান্য পায় নিরাপত্তা, অভিন্ন নদীগুলোর পানি বণ্টন, বিদ্যুৎ, যোগাযোগ, সীমান্ত হত্যা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বৃদ্ধি। একটি সূত্র অনুযায়ী, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে ভারতের ভিসা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতাজনিত সমস্যা নিয়ে দুই দেশের প্রতিনিধিদের কথা হয়। ভারতের পক্ষ থেকে সমস্যা দূর করার আশ্বাস দেওয়া হয়েছে।
এ বৈঠকে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতার বিষয়টিও বড় হয়ে ওঠে। পারস্পরিক আস্থা অর্জন আরও কী করে সম্ভব, তা নিয়েও আলোচনা হয়। দুই দেশের বাণিজ্য পরিস্থিতিতে পারস্পরিক লগ্নির ক্ষেত্রগুলো চিহ্নিত হয়। কী করে বাণিজ্য ও লগ্নির বহর বাড়ানো যায়, সে বিষয়ে কথা হয়। দুই দেশই মনে করে, উপ-আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে (বিবিআইএন) যান চলাচলে যে চুক্তি হয়েছে, তা বাস্তবায়িত হলে বাণিজ্যবহর বহুগুণ বৃদ্ধি পাবে। পাশাপাশি পারস্পরিক আস্থাও বেড়ে যাবে বহুগুণ। এ সময় নেপালের সংকটও আলোচনায় উঠে আসে।
নিরাপত্তা নিয়ে আলোচনায় এ উপমহাদেশে আইএসের মাথাচাড়া দেওয়ার প্রসঙ্গও ওঠে। দুই দেশই মনে করে, এই বিপদ মোকাবিলায় পারস্পরিক তথ্যবিনিময় ও সজাগ থাকা জরুরি। ধর্মীয় নেতাদের মারফত মৌলবাদ ও আইএসের বিরুদ্ধে প্রচারের ওপরও জোর দেওয়া হয়।