বাংলাদেশ-ভারত প্রীতি ফুটবল
ভারতের পশ্চিমবঙ্গের মালদা সোনালী অতীত ফুটবল দল ও বাংলাদেশের নীলফামারী সোনালী অতীত ফুটবল দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে নীলফামারী স্টেডিয়ামে ওই প্রীতি ম্যাচ ঘিরে প্রবীণ ফুটবলারদের মিলনমেলায় পরিণত হয়।
বেলা সাড়ে ৩টার দিকে খেলা শুরুর ৯ মিনিটের মাথায় মালদা ফুটবল দলের নয়ন দাস প্রথম গোল করেন। এরপর খেলার শেষ বাঁশি বাজার আগমুহূর্তে নীলফামারী দলের মিঠুর গোলে ম্যাচটি ড্র হয়।
আয়োজক সূত্র জানায়, ওই প্রীতি ফুটবল ম্যাচে উভয় দলের নিজ নিজ দেশের প্রথম বিভাগ ফুটবল দলের প্রবীণ খেলোয়াড়েরা অংশ নেন, যাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন, ভারতের মালদা দলে ছিলেন কলকাতা মোহামেডানের সাবেক ফুটবলার মোদাচ্ছের হোসেন।
সন্ধ্যায় পুরস্কার বিতরণ করেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জাকীর হোসেন। নীলফামারীর নীলসাগর গ্রুপের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মালদা সোনালী অতীত ফুটবল দলের সদস্যদের টিশার্ট উপহার দেওয়া হয়।
মালদা সোনালী অতীত ফুটবল দলের টিম ম্যানেজার সুবিন্দ্র নাথ জানান, তাঁরা বাংলাদেশে আরও চারটি প্রীতি ম্যাচ খেলবেন। আগামী ১০ জানুয়ারি পাবনার ঈশ্বরদীতে, ১১ জানুয়ারি কুষ্টিয়ায় এবং ১৩ ও ১৪ জানুয়ারি রাজশাহীতে প্রীতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।