বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যুৎ-সঞ্চালন লাইনের গ্রিড উপকেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন নেপালের জ্বালানিমন্ত্রী রাধা কুমারী গয়ালি। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারায় উপকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ সন্তোষ প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের কাছে সন্তোষ প্রকাশকালে নেপালি মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, বিদ্যুৎ খাতের উন্নয়নে ভারত, বাংলাদেশ ও নেপাল যৌথভাবে কাজ করে যাবে। এর আগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই উপকেন্দ্রের কার্যালয়ের সম্মেলনকক্ষে ঘণ্টাব্যাপী বাংলাদেশ ও নেপালের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের বিদ্যুৎসচিব মনোয়ার ইসলামসহ নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অন্যদিকে নেপালের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাধা কুমারী গয়ালি। এ সময় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠা, বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনোয়ার হোসেন, পাওয়ার গ্রিডের ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বিরুনী, নির্বাহী পরিচালক তপন কুমার রায়, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।