বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব শুরু
মৌলভীবাজারে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলন গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান-প্রদান বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন।
মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই উৎসব ও সম্মেলনের আয়োজন করেছে। শহরে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রাতে উৎসব মঞ্চে বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৪৫ বছর পূর্তি শীর্ষক আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের বাণিজ্য, শিক্ষা, শিল্প ও আইনমন্ত্রী তপন চক্রবর্তী। বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেটের বিভাগীয় পুলিশ কমিশনার কামরুল আহসান, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, সাংসদ সাবিহা নাহার বেগম, প্রমুখ। পরে অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।