বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্ককে অতীতের যেকোনো সময়ের তুলনায় ‘সেরা’ বলে বর্ণনা করেছে নয়াদিল্লি। খবর ইউএনবির।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়, গত বুধবার এই মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করের সফরের ফলাফল নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন। জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন।
আকবরউদ্দিন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে আপনারা অবগত আছেন, এখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এযাবৎকালের সেরা সময় পার করছে।’
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, তাঁর দেশ নদীর পানিবণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা, অর্থনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বৈশ্বিক সহযোগিতা, উন্নয়ন অংশীদারত্বসহ নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করছে। এসব ইস্যুতেই (জয়শঙ্করের সফরে) আলোচনা হয়েছে।
জয়শঙ্কর তাঁর বাংলাদেশ সফরকালে দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা করেছেন উল্লেখ করে আকবরউদ্দিন আরও বলেন, সার্ক স্যাটেলাইট, ভারত প্রস্তাবিত ভ্যাকসিন কর্মসূচি, দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয়—নির্দিষ্ট এ রকম কিছু ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়েছে।
আকবরউদ্দিন বলেন, কূটনীতিক হিসেবে তাঁরা দেশের স্বার্থ আদায়ে তাঁদের সময় ও সুযোগের পরিপূর্ণ সদ্ব্যবহার করবেন।