বাংলাদেশ-ভারত সম্পর্ক বসন্তের মতোই ফুরফুরে
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন বসন্তের মতোই ফুরফুরে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে গতকাল রোববার এভাবেই বর্ণনা করলেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। ভারতের রাজধানীর পাঁচতারা হোটেল তাজ প্যালেসে সংবাদমাধ্যমকে তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী এই সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে চলেছেন। বাংলাদেশের মানুষও ক্রমে উপলব্ধি করছেন, ভারতের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র যত বিস্তার পাবে, ততই মঙ্গল।
বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদ্যাপন উপলক্ষে গত শনিবার অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মোহাম্মদ নাসিম দিল্লি এসেছেন। সেই সম্মেলনে দেওয়া ভাষণে তিনি বলেন, বাংলাদেশে হোমিওপ্যাথির প্রসার প্রতিদিন ঘটে চলেছে। এ ক্ষেত্রে ভারতের সহযোগিতাও বাংলাদেশ পাচ্ছে। হোমিওপ্যাথি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অনুচুক্তির উল্লেখ করে তিনি বলেন, হোমিওপ্যাথি বহু অসুখের সফল ও কার্যকর নিরাময়ই শুধু নয়, তার চেয়েও অনেক বেশি। স্বাস্থ্যমন্ত্রীর কথায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বত্র এই চিকিৎসাপদ্ধতির প্রসার ঘটাতে আগ্রহী। সে জন্য সব উপজেলা ও জেলা হাসপাতালে তিনি হোমিওপ্যাথি চিকিৎসক নিযুক্ত করছেন।