বাংলাদেশ-ভারত সম্পর্ক ভালো থাকা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক আলোচনা সভায় গতকাল শনিবার বক্তারা বলেছেন, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে ও সন্ত্রাস নির্মূলের জন্য বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভালো থাকা খুবই জরুরি।
বাংলাদেশ-ভারত সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা শীর্ষক এ আলোচনা সভা ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশকে ভারতের কূটনৈতিক স্বীকৃতির ৪৩তম বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত ও ভুটান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী বলেন, বিশ্বের যেকোনো অঞ্চলের চেয়ে এই অঞ্চলের নিরাপত্তা পরিবেশ অনেক ভালো। ভারত ও বাংলাদেশের সম্পর্ক এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারত ও বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে যৌথভাবে যুদ্ধ করলে এ অঞ্চলের নিরাপত্তা আরও শক্ত হবে। এসব বিষয়ে ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে। তিনি আশা করেন, বাংলাদেশও এভাবে ভারতের পাশে থাকবে।
নির্মূল কমিটির সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন নির্মূল কমিটির নেতা মমতাজ লতিফ, কলাম লেখক সৈয়দ মাহাবুবুর রশিদ, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ত্রিবেদী প্রমুখ।