বাংলাদেশ-ভারত সম্পর্কের ধারা অব্যাহত রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল ‘কালের কষ্টিপাথরে বাংলাদেশ–ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় (বাঁ থেকে) অধ্যাপক মুনতাসীর মামুন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী,  বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী ও অধ্যাপক অজয় রায় l প্রথম আলো
রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল ‘কালের কষ্টিপাথরে বাংলাদেশ–ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় (বাঁ থেকে) অধ্যাপক মুনতাসীর মামুন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী ও অধ্যাপক অজয় রায় l প্রথম আলো

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বিশেষ মাত্রায় গেছে। বহুমাত্রিক এ সম্পর্কে গুণগত পরিবর্তন এসেছে। তাই ভবিষ্যতে দুই দেশে যে-ই ক্ষমতায় আসুক, সম্পর্কের এই ধারা অব্যাহত রাখতে হবে। গতকাল রোববার রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে ‘কালের কষ্টিপাথরে বাংলাদেশ-ভারত’ শীর্ষক আলোচনায় বক্তারা এ অভিমত দেন।
বাংলাদেশকে ভারতের স্বীকৃতি দেওয়ার ৪৪তম বার্ষিকীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ আলোচনার আয়োজন করে। আলোচনায় সভাপতিত্ব করেন নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, আজ থেকে ত্রিপুরায় বাংলাদেশের প্রথম উপহাইকমিশনার কাজ শুরু করেছেন। দিল্লি, কলকাতা ও মুম্বাইয়ের পর এটি ভারতে বাংলাদেশের চতুর্থ মিশন। এরপর আসামের রাজধানী গুয়াহাটিতে আরেকটি মিশন খুলবে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, একাত্তরে বাংলাদেশের এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল ত্রিপুরা। ওই সময় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে প্রাচুর্যতা না থাকলেও তারা বাংলাদেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। তাদের সেই অবদান তো কোনো দিন ভোলা যাবে না। ত্রিপুরার পালাটানায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময় ভারী মালামাল পরিবহনের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা হয়েছে। এ ছাড়া রাজ্যটিতে খাদ্য-সংকটের সময় বাংলাদেশ হয়ে খাদ্যশস্য পাঠানো হয়েছে আগরতলায়। দুই দেশের সম্পর্ক বিশেষ পর্যায়ে পৌঁছেছে। ’৭৫-এর পর এই সম্পর্ক এখন সবচেয়ে ভালো।
হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের সভাপতি অজয় রায় বলেন, ‘আমি অনেকটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি বাংলাদেশকে কাঠমোল্লার দেশ হিসেবে দেখতে চাই? কান্তজীর মন্দিরের ওপর যখন হামলা হয় তখন প্রশ্ন জাগে, আমরা কি একটি উদারনৈতিক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়তে পেরেছি? নাকি আমাদের এখানে থাকুক বা না থাকুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করুন বা না করুন, আইএসের যে প্রতিচ্ছবি এখানে আছে, সে বিষয়ে আর কোনো সন্দেহ থাকার কথা না। আইএসের কোনো সাংগঠনিক অঙ্গসংগঠন হয়তো এখানে নেই। কিন্তু আদর্শিক উদ্দীপ্ত সংগঠন এখানে যথেষ্ট তৈরি হয়েছে। এই মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে আমরা কি আমাদের জিহাদ ঘোষণা করতে পারব? যদি না পারি, তাহলে কিসের আলোচনা সভা?’
মূল প্রবন্ধ উপস্থাপনের সময় ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুনতাসীর মামুন বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে দলের বিষয়টিকে বিবেচনায় রাখতে হবে। সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে যে পর্যায়ে, ভবিষ্যতে দুই দেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন এই সম্পর্ক বজায় রাখতে হবে।
মুনতাসীর মামুন দুই দেশের সম্পর্ক জোরদারের জন্য জনগণের মেলবন্ধনের ওপর জোর দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আজকাল চার, পাঁচ কিংবা ছয় হাজার টাকাতেও ভারতীয় ভিসা পাওয়া যায় না। অন্য কোনো দেশের ভিসা বিক্রি না হলেও ভারতীয় ভিসা বিক্রি হয়। সীমান্ত হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না।
আলোচনায় আরও অংশ নেন নির্মূল কমিটির সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী।