প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সহজাত সম্পর্ক রয়েছে। ১৯৭৫ সালের পর অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে ভারতবিদ্বেষী মনোভাব সৃষ্টি করে সে সম্পর্কের অবনতি ঘটানো হয়েছিল। কিন্তু বর্তমান সরকারের সময়ে সেই সহজাত সম্পর্ক আবার পুনঃস্থাপিত হয়েছে।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ফাউন্ডেশন ডে লেকচারে’ গওহর রিজভী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই লেকচারের আয়োজন করা হয়।
গওহর রিজভী বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকায় অনেক অমীমাংসিত সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। এর ধারাবাহিকতায় অচিরেই তিস্তার পানিচুক্তিসহ দুই দেশের যৌথ নদী ব্যবস্থাপনা কার্যক্রম চালু হবে।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্বজুড়ে সংঘর্ষের কারণগুলো চিহ্নিত করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উপায় বের করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন সহ-উপাচার্য (প্রশাসন) মো. আখতারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন। আলোচনা শেষে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি শান্তি শোভাযাত্রা বের হয়।