বাংলাদেশ-ভারত সীমান্ত 'সিল' করার আহ্বান আসামের মুখ্যমন্ত্রীর
বাংলাদেশ-ভারত সীমান্ত ‘সিল’ করে দিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এক বছরের মধ্যে এই সীমান্ত ‘সিল’ করে দেওয়ার নির্দেশ দেওয়ার দুই দিনের মাথায় গতকাল শনিবার সোনোয়াল এই আহ্বান জানান।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে আসামে সরকার গঠন করা বিজেপির সর্বোচ্চ অগ্রাধিকার ভারত-বাংলাদেশ সীমান্ত ‘সিল’ করা। গুয়াহাটিতে বিএসএফের মহাপরিচালক (ডিজি) কে কে শর্মাসহ এই বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গতকাল বৈঠক করেন মুখ্যমন্ত্রী সোনোয়াল। এ সময় তিনি বলেন, ‘আমাদের সীমান্ত নিরাপদ করতে হলে সীমান্তের নদী এলাকাসহ সব জায়গায় বেড়া দিতে হবে।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান রোধ করতে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত সিল করার প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম।’
সীমান্ত পরিদর্শন বিএসএফ ডিজির: পিটিআই জানায়, বিএসএফের ডিজি কে কে শর্মা গত শুক্রবার আসামে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা পরিদর্শন করেন। গতকাল বিএসএফের একজন মুখপাত্র এ কথা বলেন। বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সের (মিজোরাম ও কাছাড়) মুখপাত্র ডিআইজি সতীশ চন্দ্র বলেন, কে কে শর্মা শিলচর সেক্টরের অধীন বিএসএফ বিওপি স্টিমারঘাট এবং সীমান্তের কিছু এলাকা পরিদর্শন করেন।