বাংলাদেশ ও ভারতের মধ্যে আসামি হস্তান্তরের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এ লক্ষ্যে বহিঃসমর্পণ চুক্তির একটি ধারা সংশোধন করে বলা হয়েছে, কোনো বিচারিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এবং দুই দেশের যে কেউ নিজ দেশের ওই আসামিকে ফেরত চাইলে, তা দিতে হবে। এ ক্ষেত্রে তথ্যপ্রমাণের দরকার হবে না।
গতকাল সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে চুক্তির এ-সংক্রান্ত ধারাটি সংশোধনের প্রস্তাব অনুমোদন হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে বলেন, ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ২৩ অক্টোবর স্বাক্ষরিত দ্বিপক্ষীয় এই চুক্তির ১০(৩) ধারা সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করেছে। এর ফলে দুই দেশের মধ্যে আসামি বিনিময়ের প্রক্রিয়া সহজ হবে।
গতকালের বৈঠকে সিনিয়র স্টাফ নার্স পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোটার কোনো পদ পূরণ করা না গেলে তা মেধা তালিকা থেকে পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, মোট ৯ হাজার ৬১৬টি সৃষ্ট পদে নার্স নিয়োগের প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ায় প্রথমে কোটা পূরণের চেষ্টা করা হবে। যদি কোটা পূরণ না হয়, তাহলে কোটা খালি না রেখে মেধার ভিত্তিতে সবগুলো পদে নিয়োগ দেওয়া যাবে।
এ ছাড়া গতকালের বৈঠকে পাট গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৬-এর নীতিগত খসড়া অনুমোদন করা হয়েছে। বৈঠকে মঙ্গোলিয়ার উলানবাটরে এশিয়া-ইউরোপ সম্মেলনে (আসেম) প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে অবহিত করা হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংক্ষিপ্ত হলেও প্রধানমন্ত্রীর এই সফর সফল ও ফলপ্রসূ হয়েছে।