
বাংলাদেশ ও ভারতের মধ্যে বেসরকারি পর্যায়ে ও মানুষে-মানুষে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ‘মৈত্রী উৎসবে’ অংশ নেওয়া ভারতীয় অতিথিরা। তাঁরা বলেছেন, রাষ্ট্রীয় পর্যায়ে দুই দেশের সম্পর্ক এখন যে পর্যায়ে আছে, এর চেয়ে ভালো কিছু হতে পারে না।
আর অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুই দেশের সম্পর্ক অটুট থাকবে।
রাজধানীতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গতকাল শুক্রবার এই ‘মৈত্রী উৎসব’ হয়। এই উৎসবের স্লোগান হচ্ছে ‘কাঁটাতারের বেড়া দিয়ে ঠেকানো যায় না বন্ধুত্ব’। এই উৎসবের আয়োজন করেছে সার্ক কালচারাল সোসাইটি।
প্রধান অতিথি আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে বলেন, সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের এক ইঞ্চি ভূমিও ব্যবহার করতে দেওয়া হবে না। সেটা ভারত কিংবা মিয়ানমার যে দেশেরই হোক না কেন। ভারত বাংলাদেশের জন্ম থেকেই সহযোগিতা দিয়ে আসছে। সেই সম্পর্ক অটুট থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনা দেশীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল। তিনি বলেন, দুই বিদেশি হত্যার তদন্ত সঠিকভাবে হচ্ছে। কার ইঙ্গিতে এই হামলা হয়েছে, কে অর্থায়ন করেছে, কারা বড় ভাই—সবই জানিয়ে দেওয়া হবে। শিয়া সম্প্রদায়ের ওপর বোমা হামলায় জড়িতদেরও শনাক্তের কাছাকাছি চলে এসেছে সরকার।
অনুষ্ঠানে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও লোকসভার বর্তমান সদস্য সৌগত রায় বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রশ্নে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কোনো মতভেদ নেই। দুই দেশের মধ্যে কিছু সমস্যা আছে। তবে এখন দুই দেশের মধ্যে যে সম্পর্ক আছে, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। এখন বেসরকারি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি করতে হবে।
ত্রিপুরা বিধানসভার বিরোধীদলীয় নেতা সুদীপ রায় বর্মণ বলেন, তাঁর দাদা-বাবার জন্ম এই বাংলাদেশে। এখানে পা রেখেই মাটি ছুঁয়ে মাথায় দিয়েছেন। তিনি বলেন, এই অঞ্চলের মানুষের ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাস সবই এক। এরপরও মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধি হচ্ছে না, সেটাই গুরুত্ব দেওয়া উচিত।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ত্রিপুরার মুখপাত্র অরুণ কান্তি ভৌমিক বলেন, কাঁটাতারের বেড়ায় দুই দেশের মানুষেরই লাভ হয়েছে। সন্ত্রাসী-সমাজবিরোধীদের দৌরাত্ম্য বন্ধ হয়েছে। তিনি বলেন, ত্রিপুরা থেকে আগামী জানুয়ারিতেই বাংলাদেশ বিদ্যুৎ পাবে। ত্রিপুরায় খাদ্যপণ্য যাচ্ছে বাংলাদেশের জলসীমা ব্যবহার করে। রেলও হবে ত্রিপুরার সঙ্গে। সম্পর্কের উন্নতি ঘটছে। আরও ঘটবে।
প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের শুরু করেন অতিথিরা। সবশেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা অংশ নেন।
সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, দেশের ৫২টি জেলায় সোসাইটির কমিটি আছে।
দেশের বাইরে সার্কভুক্ত দেশগুলোতে শাখা কমিটি রয়েছে। নিয়মিতই বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময় হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আকরাম হোসেন, আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দীন মোনায়েম, পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী, ত্রিপুরার সাংবাদিক তরুণ চক্রবর্তী প্রমুখ।