রাজধানীতে আয়োজিত এক সংলাপে বিশেষজ্ঞেরা বলেছেন, যৌথ নদীগুলোর সঠিক ব্যবস্থাপনা হলে বাংলাদেশ ও ভারত দুই দেশই লাভবান হতে পারে। নদী নিয়ে রাজনীতি না করে দুই দেশের সাধারণ মানুষের স্বার্থের কথা চিন্তা করে যৌথ নদীর ব্যাপারে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে।
‘প্রতিবেশ, জনগণ এবং যৌথ শিক্ষা: বাংলাদেশ-ভারত সুশীল সমাজের অভিজ্ঞতা নিয়ে সংলাপ’ শীর্ষক এই সংলাপ গতকাল বুধবার নগরের একটি হোটেলে শুরু হয়েছে। পরিবেশবিষয়ক আন্তর্জাতিক জোট ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) ইকোসিস্টেম ফর লাইফ প্রকল্পের উদ্যোগে দুই দিনের এই সংলাপ হচ্ছে। এতে ভারত ও বাংলাদেশের নদী ও পরিবেশ বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
সংলাপে প্রধান অতিথি পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, শিগগিরই তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পন্ন হবে। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে। টিপাইমুখ বাঁধ নিয়ে যে বিরোধিতা হচ্ছে, তার সপক্ষে যথেষ্ট তথ্য-উপাত্ত নেই। টিপাইমুখ বাঁধ হলে সিলেটে শুষ্ক মৌসুমে পানি থাকবে আর বন্যার প্রকোপ কমবে উল্লেখ করে তিনি বলেন, এতে বাংলাদেশের লাভ হবে।
প্রকল্প পরামর্শক কমিটির সহসভাপতি এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, যৌথ নদীর পানি ব্যবস্থাপনার জন্য দুই দেশের বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের মধ্যে সহযোগিতার সম্পর্ক বাড়াতে হবে।
সংলাপে ভারতের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক সচিব মিনা গুপ্তা দুই দেশের বিশেষজ্ঞদের মধ্যে ঘন ঘন আলোচনার ওপর জোর দিয়ে বলেন, এই নদীগুলো থেকে যাতে দুই দেশের সাধারণ মানুষ লাভবান হয় সেদিকে লক্ষ্য রেখে যৌথ উদ্যোগ নিতে হবে।
সাবেক পররাষ্ট্রসচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এম শফি সামি যৌথ নদী কমিশনের সমালোচনা করে বলেন, কমিশন এখন আর আগের মতো কাজ করছে না। এই কমিশনকে কার্যকর করতে দুই দেশের বিশেষজ্ঞদের মধ্যে সংলাপের ব্যাপারে জোর দেন তিনি।
নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরে আইইউসিএন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. ইশতিয়াক উদ্দিন আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের দূতাবাসের প্রথম সচিব কারেল ডি গ্রুট এবং আইইউসিএনের ইকোসিস্টেম ফর লাইফ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. ব্র্যায়ান ফার্জ প্রমুখ বক্তব্য দেন।