বাংলাদেশ-ভারতের সম্পর্কের আলোচনায়ও মুস্তাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ক্রিকেটের সেনসেশন, তরুণ তুর্কি মুস্তাফিজুর রহমান। এশিয়াটিক সোসাইটিতে গতকাল মঙ্গলবার আয়োজিত ‘বৈশ্বিক প্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক’ আলোচনায়ও উঠে এল তাঁর নাম। এশিয়াটিক সোসাইটির চতুর্থ মাসিক সাধারণ সভায় বক্তা ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। বাংলাদেশ-ভারতের মধ্যকার রাজনৈতিক, পানি, ভূমি ও সমুদ্রসীমা, ব্যবসা-বিনিয়োগ, ট্রানজিটসহ নানা বিষয়ে তিনি আলোকপাত করছিলেন। আলোচনার একপর্যায়ে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আলো ছড়ানো মুস্তাফিজের প্রসঙ্গ আনেন।
বাংলাদেশ-ভারতের গণমাধ্যমে দুই দেশের সংবাদ বেড়েছে জানিয়ে বিদ্যুৎ চক্রবর্তী বলেন, ২০ বছর আগে ভারতের গণমাধ্যম দেখেন, দেখবেন সেখানে বাংলাদেশের সংবাদ তেমন আসত না। আজকে প্রতিটি খবরের কাগজে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের বড় খবর থাকবেই। আজকে ডেইলি স্টারে দেখলাম, মোদির সার্টিফিকেট জটিলতা নিয়ে প্রথম পাতায় খবর বেরিয়েছে। অনলাইনে আনন্দবাজারে একটা পাতা আছে শুধু বাংলাদেশকে নিয়ে।
বিদ্যুৎ চক্রবর্তী বলেন, ‘ভারতে মুস্তাফিজের যত ফ্যান আছে, বিরাট কোহলিরও তত নেই। এটা সত্য। আইপিলে সে যেভাবে খেলছে, প্রতিদিন তাকে নিয়ে ভারতের পত্রিকায় খবর আসে। আমার বাড়িতে এটা নিয়ে তো লড়াই।’ তিনি বলেন, ভারতের গণমাধ্যম, রাষ্ট্রিক বিষয়াদি এবং বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে বাংলাদেশ প্রসঙ্গ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
সভায় সভাপতিত্ব করেন এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী। বক্তাকে পরিচয় করিয়ে দেন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।