বাংলাদেশ-মার্কিন নৌবাহিনীর যৌথ মহড়া শুরু
বাংলাদেশ ও মার্কিন নৌবাহিনীর পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থিত স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিসে (এসএমডব্লিউটি) এ মহড়া চলছে।
নৌবাহিনী গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘এক্সারসাইজ কো-অপারেশন অ্যাফ্লট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (কারাত)-২০১৬’ শীর্ষক এ মহড়ায় নৌ প্রশিক্ষণের নানা বিষয়ের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এ মহড়া দুই দেশের নৌবাহিনী নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচিতি লাভ করতে কার্যকর ভূমিকা রাখবে। মার্কিন নৌবাহিনীর সঙ্গে ষষ্ঠবারের মতো যৌথ এ মহড়ায় অংশগ্রহণ করেছে নৌবাহিনী।
যৌথ এ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার বিএন ফ্লিট কমোডর শেখ আরিফ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার স্কোয়াড্রন-৭-এর কমান্ডার ক্যাপ্টেন এইচ বি লি। অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারগণ, মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা ও উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।
নৌবাহিনী জানায়, যৌথ এ মহড়া কমান্ডার বিএন ফ্লিটের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। এটি শেষ হবে আগামী ২৯ অক্টোবর।