বাংলাদেশ-মার্কিন সংলাপ পিছিয়েছে
সময়সূচি জটিলতার কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তৃতীয় অংশীদারি সংলাপ পিছিয়ে গেছে। ২০ অক্টোবর থেকে ওয়াশিংটনে দুদিনের বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল।
এর আগের দুটি সংলাপে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও যুক্তরাষ্ট্রের পক্ষে রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন বৈঠকে নেতৃত্ব দেন।
ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো গতকাল বুধবার দুপুরে প্রথম আলোকে জানিয়েছে, সাংঘর্ষিক সময়সূচির কারণে দুই পক্ষ বৈঠকটি পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০ ও ২১ অক্টোবরের নির্ধারিত সময়ের বৈঠকটি পিছিয়ে দিতে বাংলাদেশকে গত সপ্তাহে অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র। কারণ, ওই সময়ে মার্কিন প্রতিনিধিদলের নেতার অন্য একটি বৈঠকে যোগ দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় সময়সূচি সাংঘর্ষিক হয়ে যায়। অন্যদিকে অংশীদারি সংলাপের আগে এবং পরে প্রধানমন্ত্রীর একাধিক সফরে সফরসঙ্গী হওয়ার পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রসচিবের বেলজিয়াম যাওয়ার কথা রয়েছে।
মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা সাই বলেন, খুব শিগগির তৃতীয় অংশীদারি সংলাপ আয়োজনের জন্য দুই পক্ষ কাজ করছে। আশা করা যায়, পূর্বনির্ধারিত তারিখের কাছাকাছি সময়ে বৈঠকটি হবে।
আসেম শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রসচিব এখন মিলানে রয়েছেন। ওই সফর শেষে ২০ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের এক সভায় যোগ দিতে পররাষ্ট্রসচিবের ব্রাসেলস যাওয়ার কথা রয়েছে।
২০১২ সাল থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারি সংলাপ শুরু হয়েছে। বার্ষিক এ বৈঠকে দুই পক্ষ উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা এ তিনটি ক্ষেত্র নিয়ে আলোচনা করে।