বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। সাম্প্রতিককালে বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের নিরাপত্তা সংলাপে এ বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এই বৈঠকে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা, শান্তিরক্ষা কার্যক্রম, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বৈশ্বিক নিরাপত্তা, দুর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনা এবং অন্তর্জাল নিরাপত্তা (সাইবার ক্রাইম) নিয়ে দুই পক্ষ আলোচনা করবে। দুই দেশের পঞ্চম নিরাপত্তা সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুল আহসান ও মার্কিন পররাষ্ট৶ দপ্তরের রাজনীতি ও সামরিকবিষয়ক বিভাগের উপসহকারী মন্ত্রী উইলিয়াম মোনাহান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় এবং শোলাকিয়ায় ঈদুল ফিতরের নামাজের সময় জঙ্গি হামলার পাশাপাশি ফ্রান্সের নিস এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রেক্ষাপটে সন্ত্রাস ও জঙ্গি দমনের বিষয়টি সংলাপে সংগত কারণে গুরুত্ব পাবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলার পাশাপাশি বঙ্গোপসাগরে নিরাপত্তা, দুই দেশের নিরাপত্তা, সামরিক সহযোগিতা, মানব পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ গুরুত্ব দেবে। এ ছাড়া রাজনৈতিক সহযোগিতা, যৌথ মহড়া, প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

অন্যদিকে, সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্র যেসব প্রস্তাব দিয়েছিল, তা নিয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইবে যুক্তরাষ্ট্র। বিশেষ করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা জুলহাজ মান্নান তাঁর বাসায় বন্ধুসহ নৃশংসভাবে খুন হওয়ার পর নিরাপত্তা সহযোগিতা বাড়াতে কিছু প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। পরে ১ জুলাই গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় দেশি-বিদেশিসহ ২০ জনের নৃশংস হত্যার পর সন্ত্রাস ও জঙ্গি দমনে বাংলাদেশের সামর্থ্য বাড়াতে কারিগরি ও প্রযুক্তিগত ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র।