বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক এগিয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক এগিয়ে যাচ্ছে। তারা এখন বাংলাদেশের সঙ্গে যৌথ বিনিয়োগে এগিয়ে আসছে।
গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলেরগাঁও এলাকায় বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেডের (বিপিসিএল) কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গওহর রিজভী। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অংশীদারত্বের ভিত্তিতে বিপিসিএলের এ কারখানা প্রতিষ্ঠিত হয়েছে।
গওহর রিজভী বলেন, সরকার দেশে পরিবেশবান্ধব কলকারখানা স্থাপনে অগ্রাধিকার দিচ্ছে। পরিবেশবান্ধব শিল্পকারখানাকে প্রয়োজনীয় প্রণোদনা দিতে তিনি সরকারের কাছে প্রস্তাব রাখেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিলি, স্থানীয় সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর, বিপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক খাদেম মাহমুদ ইউসুফ প্রমুখ। পরে উপদেষ্টা গওহর রিজভী বিপিসিএল কারখানাটি ঘুরে দেখেন।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক খাদেম মাহমুদ ইউসুফ বলেন, বিপিসিএল বাংলাদেশের বর্জ্য থেকে পণ্যের নতুন কাঁচামাল বের করার ধারণাকে কাজে লাগাতে পথিকৃতের ভূমিকা পালন করছে। এ কারখানায় প্লাস্টিকের ব্যবহৃত বোতলসহ বিভিন্ন সামগ্রী পুনঃপ্রক্রিয়াজাত করা হবে। বর্তমানে কারখানাটির উৎপাদনক্ষমতা বাৎসরিক ৫০০ মেট্রিক টন। ২০১৭ সাল নাগাদ তা ২৫ হাজার মেট্রিক টনে উন্নীত হবে। কারখানায় বর্তমানে দেড় শ লোকের কর্মসংস্থান হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দেশে বর্তমানে তিন লাখ বর্জ্য সংগ্রাহক রয়েছে। আমাদের লক্ষ্য তাদের জীবনযাত্রা উন্নত করা এবং শিশুশ্রম উৎখাত করা।’