বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ নৌ-মহড়া আজ শুরু
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ নৌ-মহড়া আজ বুধবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে। পারস্পরিক সম্পর্ক ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে পঞ্চমবারের মতো এ মহড়া হতে যাচ্ছে। বনানীতে নৌ-সদর দপ্তরে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। খবর বাসসের।
‘এক্সারসাইজ কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (সিএআরএটি)-২০১৫’ শীর্ষক এ মহড়া চলবে পাঁচ দিন। যৌথ এ মহড়ার আওতায় বিভিন্ন নৌ-কৌশল, সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি চিকিৎসাসেবা প্রদান, সমর আইনের ব্যবহার এবং মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট ও হেলিকপ্টার পরিচালনার ওপর বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে মার্কিন নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল চার্লস উইলিয়ামস যৌথ এ মহড়া সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এর আগে তিনি নৌ-সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দেশের যৌথ এ মহড়া দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথমটি পোতাশ্রয় পর্ব। এর আওতায় ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট নৌঘাঁটি ও জাহাজে বিভিন্ন গুরুত্বপূর্ণ মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয়টি সমুদ্র পর্ব। এর আওতায় ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দুই দেশের বিভিন্ন যুদ্ধজাহাজের অংশগ্রহণে বঙ্গোপসাগরে সমুদ্র মহড়া অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে মার্কিন নৌবাহিনীর এই নৌ-মহড়া হয়ে আসছে ২০১১ সাল থেকে। তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে এ ধরনের নৌ-মহড়া করে আসছে।