বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গভবনে গতকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট l ছবি: পিআইডি
বঙ্গভবনে গতকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট l ছবি: পিআইডি

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ কথা জানিয়েছেন।
নতুন রাষ্ট্রদূত বঙ্গভবনে এলে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর দুজনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করা হয়। সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে আবদুল হামিদ বলেন, সন্ত্রাস ও সহিংসতা গ্রহণযোগ্য হতে পারে না। এটি গণতন্ত্রের ভাষা নয়। আবদুল হামিদ জিএসপি সুবিধাসহ বাংলাদেশের তৈরি পোশাকশিল্প নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেন।
দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, জিএসপি সুবিধা পুনর্বহালে এবং পোশাক খাতের প্রতিবন্ধকতাগুলো দূর করতে তিনি কাজ করে যাবেন। বার্নিকাট উভয় দেশের পারস্পরিক স্বার্থে অংশীদারত্ব সংলাপ সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।