বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন সবচেয়ে দৃঢ়: মজীনা
বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন সবচেয়ে দৃঢ়। এটি কোনো কূটনৈতিক ভাষ্য নয়, এটি একেবারে সত্যি কথা। এর অংশীদার হতে পেরে তিনি নিজেও গর্বিত।
আজ বুধবার বিকেলে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকারের পর সাংবাদিকদের মজীনা এসব কথা বলেন। বিকেল সাড়ে চারটার দিকে সাক্ষাতের জন্য রওশন এরশাদের গুলশানের বাসভবনে যান মজীনা। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী তাঁদের বৈঠক চলে।
বৈঠক শেষে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বলেন, তিনি বাংলাদেশের ৬৪ জেলায় ঘুরেছেন। সেখানে তাঁর কেমন অভিজ্ঞতা হয়েছে, এসব তিনি বিরোধীদলীয় নেতার কাছে বর্ণনা করেন। দুজনের মধ্যে ভালো আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ স্বাস্থ্য, কৃষি, শিক্ষা খাতে উন্নতি করছে—এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।
বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম বলেন, এ বৈঠকে জিএসপি, গার্মেন্টস খাতসহ বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে দৃঢ়। এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত একটি লাইনও উচ্চারণ করেননি।
রওশন এরশাদের সঙ্গে সাক্ষাতের পর বিএনপির চেয়ারপসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর গুলশানের বাসভবনে যান মজীনা।