বাংলাদেশ-শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তি এ বছরেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর কার্যালয়ে ফুল দিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে অভ্যর্থনা জানান l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর কার্যালয়ে ফুল দিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে অভ্যর্থনা জানান l ছবি: ফোকাস বাংলা

ব্যবসা-বাণিজ্য বাড়াতে এ বছরেই শ্রীলঙ্কার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সই করতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার সঙ্গে এফটিএ সই হলে কোনো দেশের সঙ্গে এটাই হবে এ ধরনের প্রথম চুক্তি।

গতকাল শুক্রবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার আনুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এফটিএ সইয়ের প্রাথমিক ধাপ হিসেবে আনুষ্ঠানিক বৈঠক শেষে দুই দেশ অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে। সমঝোতা স্মারক অনুযায়ী দুই দেশ আগস্টের মধ্যে যৌথ সমীক্ষা শুরু করবে। ওই সমীক্ষায় এফটিএ চূড়ান্ত করে তা দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হবে।

শ্রীলঙ্কার সঙ্গে এফটিএ সইয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু। কারণ, শ্রীলঙ্কার সঙ্গে চুক্তিটিই হবে কোনো দেশের সঙ্গে এ ধরনের প্রথম চুক্তি। এর ফলে সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হবে।

মাইথ্রিপালা সিরিসেনা তাঁর সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করার আগে একান্তে আলোচনা করেন। বৈঠক শেষে দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসাবিহীন চলাচলের বিষয়ে একটি চুক্তি এবং বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে ১৩টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সমঝোতা স্মারকগুলো হচ্ছে কৃষিক্ষেত্রে সহযোগিতা, উচ্চশিক্ষা, উপকূলীয় জাহাজ চলাচল, দুই দেশের বিনিয়োগ কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা, দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সহযোগিতা, ফরেন সার্ভিস ইনস্টিটিউটের মধ্যে এবং বাংলাদেশের বিস ও শ্রীলঙ্কার লক্ষণ কাদিরগামা ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে সমঝোতা স্মারক, রেডিও, ফিল্ম ও টিভির সম্প্রচারের ক্ষেত্রে সহযোগিতা, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও শ্রীলঙ্কা স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশনের (এসএলএসআই) মধ্যে সহযোগিতা, দুই দেশের সংবাদ সংস্থার মধ্যে সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা এবং চট্টগ্রাম বিজিএমইএ ফ্যাশন ইনস্টিটিউট, শ্রীলঙ্কা টেক্সটাইল ও অ্যাপারেল ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা-সংক্রান্ত স্মারক।

গতকাল বিকেলে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে যে সমঝোতা স্মারকটি সইয়ের জন্য চূড়ান্ত হয়েছিল, তাতে ২০১৮ সালের মধ্যে এফটিএ সইয়ের কথা ছিল। কিন্তু আনুষ্ঠানিক বৈঠক চলার সময় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী রবি করুণানায়েকে ২০১৭ সালের মধ্যে এটি করার বিষয়ে তাঁর দেশের প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে কথা বলেন। পরে শ্রীলঙ্কার প্রস্তাব অনুযায়ী সমঝোতা স্মারকটিতে পরিবর্তন এনে ২০১৭ সালের উল্লেখ করে তা সই করা হয়।

এদিকে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এই প্রতিবেদককে বলেন, এফটিএ সই হলে দুই দেশ লাভবান হবে। তবে বাংলাদেশ বেশি লাভবান হবে। এই চুক্তি সইয়ের পর অন্য যেসব দেশের সঙ্গে বাংলাদেশ এ ধরনের চুক্তি সই করতে চাইছে, তা করতে সুবিধা হবে। এই সফরে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ যে বেশি গুরুত্ব পেয়েছে, তার প্রমাণ সই হওয়া ১৪টি চুক্তি ও সমঝোতা স্মারকের সাতটিই ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত।

বঙ্গভবনে সিরিসেনা

বার্তা সংস্থা বাসস জানায়, প্রেসিডেন্ট সিরিসেনা গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রপতি যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের সম্ভাবনা খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন। পরে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সম্মানে বঙ্গভবনের দরবার হলে ভোজসভার আয়োজন করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিংহাসহ গণ্যমান্য ব্যক্তিরা ভোজসভায় উপস্থিত ছিলেন।