
কাঁটাতারের বেড়া আর ভৌগোলিকভাবে বিচ্ছিন্নতা থাকলেও মনের আবেগে একই তাঁরা। তাই তো মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একই মঞ্চে উঠলেন তাঁরা। গতকাল রোববার বেনাপোল ও পেট্রাপোল সীমান্তের শূন্যরেখা এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাটে বাংলাদেশ ও ভারত দুদেশের যৌথ উদ্যোগে উদ্যাপিত হয় এ দিবসের অনুষ্ঠান।
বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় অস্থায়ী শহীদ বেদিতে গতকাল সকাল ১০টায় মিলিত হন দুই দেশের হাজারো মানুষ। ভাষাশহীদদের প্রতি মিলিতভাবে শ্রদ্ধা জানান তাঁরা। এ মিলনমেলার মঞ্চে ছিলেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, একুশের চেতনাকে মাদুলি করে আমাদের কাছে রাখতে হবে। শুধু একুশে ফেব্রুয়ারি এই একটি দিন স্মরণ করলে হবে না। বছরের ৩৬৫ দিন আমাদের এ চেতনা লালন করতে হবে। আর প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ভাষার কোনো সীমারেখা নেই। বাংলা ভাষা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা।’ এই ভাষার টানে ‘দুই বাংলার’ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের শেকড় উপড়ে ফেলারও আহ্বান জানান তিনি।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ভারতের প্রতিনিধিদলকে মঞ্চে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। পরে বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলমের সভাপতিত্বে হয় আলোচনা। জ্যোতিপ্রিয় মল্লিক ও মাহবুব উল আলম ছাড়াও এ সময় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, শাহিন চাকলাদার, ভারতের বনগাঁ লোকসভার সাংসদ মমতা ঠাকুর, উত্তর চব্বিশপরগনা জেলা পরিষদের সভাপতি রহিমা মণ্ডল, বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ দাস, অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাংলাদেশি প্রতিনিধিদল পেট্রাপোলের মিলনমেলা মঞ্চে যান। সেখানেও আলোচনা সভা হয়। পেট্রাপোলের মঞ্চে আলোচনা চলার সময় বেনাপোলের মঞ্চে সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন সৈয়দ আবদুল হাদী ও ফকির আলমগীরসহ অন্য শিল্পীরা।
অনুষ্ঠানে ফুলের মালা ও জাতীয় পতাকা বিনিময় করে উভয় দেশের আবেগপ্রবণ অনেক মানুষ একে অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলেন। হাজার মানুষের ঢলে ক্ষণিকের জন্য হলেও মিশে যায় আন্তর্জাতিক সীমান্তরেখা। ২০০২ সাল থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সীমান্তের শূন্যরেখায় এ মিলনমেলার আয়োজন করা হচ্ছে।
এদিকে, দুই দেশের সরকারের উদ্যোগে এই প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার কসবার তারাপুর ও ভারতের ত্রিপুরার সিপাহীজলার কমলাসাগর সীমান্ত হাটে উদ্যাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উদ্যাপনকে কেন্দ্র করে এ হাট পরিণত হয় দুদেশের একই ভাষার মানুষের এক মিলনমেলায়।
হাট পরিচালনা পর্ষদের উদ্যোগে সীমান্ত হাটটির অস্থায়ী শহীদ মিনারে দুপুর ১২টায় উভয় দেশের কর্মকর্তারা ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অন্যান্য অনুষ্ঠান শুরু হয়। হয় আলোচনা সভা।
এ সময় ত্রিপুরার সিপাহীজলা জেলার শাসক (ডিএম) প্রদীপ কুমার চক্রবর্তী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল আঞ্চলিক কমান্ডার ফজলে কাদের আহাম্মেদ, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) লুৎফুর নাহার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, সিপাহীজলার অতিরিক্ত জেলা শাসক দিলীপ কুমার চাকমা, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূঁইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খান। আলোচনা সভা শেষে দুই দেশের শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।