বাংলাফোনের জন্য উদার বিটিআরসি!
টেলিযোগাযোগ খাতে বাংলাফোনকে নানাভাবে অবৈধ সুবিধা দিয়ে আসছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। লাইসেন্স ছাড়াই অবৈধভাবে টেলিযোগাযোগের অবকাঠামো নির্মাণের অনুমতি, এক দিনের আবেদনেই ইন্টারনেট ব্যবসার লাইসেন্স প্রদান, লাইসেন্সের আবেদনে তথ্য জালিয়াতিকে বৈধতাসহ নানাভাবে সুবিধা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে।
টেলিযোগাযোগের অবকাঠামোগত কাজে শৃঙ্খলা আনতে সরকার ২০০৯ সালে দুটি প্রতিষ্ঠানকে নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন (এনটিটিএন) লাইসেন্স দেয়। নীতিমালা অনুসারে এই লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠান ট্রান্সমিশন নেটওয়ার্ক তৈরি, রক্ষণাবেক্ষণ, উন্নয়ন বা পরিচালনা করতে পারবে না। লাইসেন্স পেতে প্রতি প্রতিষ্ঠানকে এককালীন তিন কোটি টাকা এবং প্রতিবছর নবায়নের জন্য ২৫ লাখ টাকা দিতে হয়েছে। এসব শর্তে লাইসেন্স নেয় ফাইবার এড হোম ও সামিট কমিউনিকেশন লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান।
অথচ লাইসেন্স ছাড়াই কেবল বিটিআরসির ‘অনুমতি’ নিয়ে লাইসেন্স নেওয়া প্রতিষ্ঠানগুলোর মতোই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাফোন। টেলিযোগাযোগ আইনের ৪০ ধারা অনুসারে কোনো প্রতিষ্ঠান টেলিযোগাযোগ কার্যক্রম শুরু বা সেবা প্রদানের ক্ষেত্রে বিটিআরসি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি নেবে। কিন্তু বিটিআরসি বাংলাফোনের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমতি নেয়নি।
লাইসেন্স পাওয়া দুই প্রতিষ্ঠান বাংলাফোনের এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করাসহ প্রতিকার চেয়ে মন্ত্রণালয়কে চিঠি দেয়। মন্ত্রণালয় চিঠিতে বিটিআরসির এ কাজ বিধিসম্মত হয়নি উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। তখন বিটিআরসি নিজেদের ভুলের কথা স্বীকার করলেও প্রতিষ্ঠানটিকে সুবিধা দেওয়ার চেষ্টা চালিয়ে যায়।
গত বছরের নভেম্বরে বাংলাফোনের কার্যক্রম বন্ধ না করে উল্টো ২০১১ সালের অক্টোবর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাফোনের কার্যক্রমকে ‘ভূতপূর্ব’ অনুমতি দিতে মন্ত্রণালয়ে অনুরোধ করে বিটিআরসি। তবে মন্ত্রণালয় এ-বিষয়ে সিদ্ধান্ত দেয়নি।
এক দিনেই লাইসেন্স: বাংলাফোন যেদিন ইন্টারনেট ব্যবসার লাইসেন্সের (আইএসপি) আবেদন করেছে, ওই দিনই তাদের লাইসেন্স দেওয়া হয়েছে। নথি থেকে জানা যায়, বাংলাফোন ২০০৯ সালের ২২ জুন লাইসেন্সের জন্য আবেদন করে। ওই দিনই তাদের লাইসেন্সের অনুমোদন দেয় বিটিআরসি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ওই লাইসেন্সের জন্য বিটিআরসিতে আবেদন করলে আবেদনটি যাচাই-বাছাই করা হয়। খুব দ্রুত সময়ে হলেও কমপক্ষে এই কাজে তিন মাস সময় লাগে।
বিভিন্ন অভিযোগ নিয়ে জানতে চাইলে বাংলাফোনের পরিচালক হুমায়ুন কবীর বলেন, এনটিটিএন লাইসেন্স ছাড়া এ ধরনের কাজে কেন অনুমতি দিয়েছে, তা বিটিআরসি বলতে পারবে। তিনি দাবি করেন, তাঁরা এনটিটিএন লাইসেন্সের জন্য সঠিক তথ্য সরবরাহ করেই আবেদন করেছেন।
অবৈধভাবে অবকাঠামো নির্মাণের কার্যক্রম চালিয়ে যাওয়া বাংলাফোন সম্প্রতি বিটিআরসিতে নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন-এনটিটিএন লাইসেন্সের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। বিটিআরসি সূত্রে জানা গেছে, এই লাইসেন্স পেতেও বাংলাফোন তথ্য জালিয়াতির আশ্রয় নেয়। বিটিআরসিও এই জালিয়াতির বৈধতা দিয়েছে। লাইসেন্স আবেদনে ৪০ শতাংশ শেয়ার বাংলা কমিউনিকেশনস ইন্টারন্যাশনাল, ২০ শতাংশ করে নিটল মোটরস লিমিটেড ও টেকনোহেভেন লিমিটেডকে দেখানো হয়েছে।
অথচ মন্ত্রণালয় ও বিটিআরসিতে পাঠানো এক চিঠিতে টেকনোহেভেনের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ নেয়ামুল করিম বলেন, তাঁর প্রতিষ্ঠান ও নিটল মোটরসের সঙ্গে ২০০৫ সালের পর থেকে বাংলাফোনের কোনো সংশ্লিষ্টতা নেই।
বাংলাফোনের বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগসচিব আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, বাংলাফোনকে বিটিআরসি যে সুবিধা দিয়েছে তা বিধিসম্মত হয়নি। এক দিনেই আইএসপি লাইসেন্স দেওয়ার কথা শুনে সচিব বিস্ময় প্রকাশ করেন। এ ছাড়া তথ্য জালিয়াতির বিষয়টি তাঁদের কানে এসেছে বলে জানান তিনি।
জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস বাংলাফোনকে অবৈধ সুযোগ দেওয়ার বিষয়ে মন্তব্য করেননি। তবে বাংলাফোনের তথ্য জালিয়াতির বিষয়ে বিটিআরসি খোঁজ নেবে বলে জানান তিনি।