বাংলাবান্ধা থেকে হেঁটে টেকনাফ?
চট্টগ্রামের এক ব্যবসায়ী পঞ্চগড় জেলার বাংলাবান্ধা থেকে হেঁটে কক্সবাজারের টেকনাফ আসার দাবি করেছেন। মাদক, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে তিনি এ উদ্যোগ নেন।
মোহাম্মদ লোকমান একজন ব্যবসায়ী। তাঁর পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায়। এখন চট্টগ্রাম শহরের চান্দগাঁয় থাকেন। তাঁর বাবা মৃত ফুল মিয়া ও মা সখিনা খাতুন। তিন ছেলে-মেয়েসহ পাঁচজনের সংসার লোকমানের।
লোকমান বলেন, সম্প্রতি টেলিভিশন ও সংবাদপত্রে তিনি নারী ও শিশু নির্যাতনের অনেক খবর দেখেন। তখন তিনি ঠিক করেন এর বিরুদ্ধে তিনি জনমত গড়ে তুলবেন। তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ২৯ নভেম্বর যাত্রা শুরু করেন। তিনি প্রায় ১০০৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গতকাল দুপুর ১২টার দিকে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ জিরো পয়েন্ট এলাকায় পৌঁছান।
ছয়টি স্লোগান সামনে রেখে তিনি সামাজিক প্রচারণা চালিয়েছেন। সেগুলো হলো, ‘সবাই মিলে গাছ লাগাই, পরিবেশদূষণ থেকে দেশ বাঁচাই’, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা সুশিক্ষায় শিক্ষিত হই এবং আমাদের ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি’, ‘মাদক সেবন থেকে বিরত থাকি। মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয় এবং একটি পরিবারকে ধ্বংস করে দেয়’, ‘শিশু ও নারী নির্যাতন থেকে বিরত থাকি’, ‘বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি’ এবং ‘আমরা নিজেদের ভুলগুলো চোখে দেখি না, নিজেদের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করি।’
লোকমান বলেন, তেঁতুলিয়া থেকে টেকনাফে আসার পথে একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু পথচলা বন্ধ করেননি। আসার পথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে শিশু নির্যাতন বন্ধ, পরিবেশ সংরক্ষণে গাছ লাগানো, বাল্যবিবাহ রোধ ও মাদকবিরোধী জনমত গঠনের জন্য প্রচারণা চালান।
লোকমানকে স্বাগত জানান টেকনাফ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম ও সাংবাদিক আবুল আলী। পরে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা তুষার আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন। ভারপ্রাপ্ত ইউএনও বলেন, লোকমানের এ উদ্যোগকে তাঁরা স্বাগত জানান। এটি সাহসী কাজ।