বাংলাবান্ধা দিয়ে নেপালে ত্রাণ পাঠানো শুরু
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের জনসাধারণের জন্য বাংলাদেশ থেকে ত্রাণসামগ্রী পাঠানো শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ১৫টি ট্রাকে ৩৭৫ মেট্রিক টন চাল ত্রাণসামগ্রী হিসেবে পাঠানো হয়।
ত্রাণ বহনকারী ট্রাকগুলো ভারতের ফুলবাড়ী স্থলবন্দর হয়ে শিলিগুড়ি দিয়ে নেপালের কাকরভিটা সীমান্তে যাবে। সেখানে নেপাল সরকারের পক্ষ থেকে এসব ত্রাণসামগ্রী গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নেপালে ১০ হাজার মেট্রিক টন চাল পাঠানোর সিদ্ধান্ত নেয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল ত্রাণবাহী প্রথম বহরটি গেল। প্রথম দিনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পঞ্চগড় জেলার খাদ্যগুদাম থেকে ৩৭৫ মেট্রিক টন চাল ও নিরাপদ পানি পাঠানো হয়। এ উপলক্ষে পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এ সময় রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ দেলোয়ার বখ্ত, ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আতিকুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।