বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি আজ বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে দেশটির ট্রাকচালক লাঞ্ছিত হওয়ার ঘটনায় স্থানীয় ট্রাকচালক ও মালিকেরা পণ্য সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সকাল থেকে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকায় স্থলবন্দরের দুই পাশে পণ্যবাহী শতাধিক ট্রাক আটকা পড়ে আছে।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ভারতের ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা ভারতীয় এক ট্রাকচালককে মারধর করে। এ ঘটনায় ভারতীয় ট্রাকচালক ও মালিকেরা আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ করে দেন।

ভারতের ফুলবাড়ীর সিঅ্যান্ডএফ সদস্যদের উদ্ধৃতি দিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাহিরুল ইসলাম জানান, বিএসএফ ভারতীয় এক ট্রাকচালককে মারপিট করার কারণে ভারতীয় ট্রাকচালক ও মালিকেরা সকাল থেকে পণ্য পরিবহন বন্ধ করে দেন। এ কারণে সকাল থেকে ভারত, বাংলাদেশ ও নেপালের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।