বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গতকাল বুধবার পাথর আমদানি শুরু হয়েছে। এতে বন্দরের স্থবিরতা কেটে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। গত ২২ জুন থেকে এই বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ ছিল।
আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ভারত সরকার সে দেশে পাথরের ওপর নতুন করে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) আরোপ করার কারণে ভারতীয় রপ্তানিকারকেরা পাথর রপ্তানি বন্ধ করে দেন। ফলে ২২ জুন থেকে এই বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ হয়ে যায়। বন্দরটি শুধু পাথর আমদানিনির্ভর হওয়ায় এ সময় এই বন্দরের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে। বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছিল সরকার। বেকার হয়ে পড়েছিলেন কয়েক হাজার শ্রমিক। অন্যদিকে পাথর ক্র্যাশিং মেশিনের সঙ্গে যুক্ত কয়েক হাজার শ্রমিকও বেকার হয়ে পড়েন।
বন্দরের রাজস্ব কার্যালয় সূত্রে জানা গেছে, ভারত সরকার ৫ শতাংশ হারে জিএসটি কর আরোপ করেছে। বাংলাদেশি আমদানিকারকদের প্রতি হাজার টন পাথর আমদানিতে এখন ৩২ হাজার টাকা অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হবে। এর আগে প্রতি হাজার টনে ৪ লাখ ১৫ হাজার টাকা ঋণপত্র (এলসি) করতে হতো।
বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম বলেন, পাথর আমদানি শুরু হওয়ায় বন্দরটিতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
বাংলাবান্ধা স্থলবন্দর কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলী বলেন, ‘বন্দরে পণ্য ওঠানামার (লোডিং-আনলোডিং) কাজে পাঁচ শতাধিক শ্রমিক জড়িত। পাথর আমদানি শুরু হওয়ায় শ্রমিকদের মুখে হাসি ফুটেছে।’
বাংলাবান্ধা স্থলবন্দরের সহকারী কমিশনার (রাজস্ব) বলেন, ২২ জুন থেকে পাথর আমদানি বন্ধ থাকায় রাজস্ব আদায় বন্ধ ছিল। গতকাল থেকে আবার রাজস্ব আদায় হচ্ছে।
এ নিয়ে ১৫ জুলাই প্রথম আলোতে ‘পাথর আমদানি বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ী-শ্রমিকেরা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।