বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে গতকাল বৃহস্পতিবার ত্রিদেশীয় আমদানি-রপ্তানি হয়নি। একটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মহাসড়ক অবরোধ করে রাখায় সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এ সময় ৫০টি পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।জানা গেছে, বাংলাদেশ, ভারত ও নেপালের পণ্যবাহী ট্রাকের মালামাল ওঠানো-নামানোর দাবিতে গতকাল সকাল সাতটা থেকে বাংলাবান্ধা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন নামের একটি শ্রমিক সংগঠন সড়ক অবরোধ করে। এ সময় ক্ষুব্ধ শ্রমিকেরা কাস্টমস কর্মকর্তা আবুল হোসেন প্রধানকেও অবরুদ্ধ করে রাখেন।বাংলাবান্ধার সি অ্যান্ড এফ এজেন্ট মো. শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অচলাবস্থা নিরসনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।অবরোধকারী সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলম জানান, তাঁদের দাবি মানা না হলে অবরোধ অব্যাহত থাকবে। বাংলাবান্ধা স্থলবন্দর চালুর পর থেকে অনিবন্ধিত অন্য একটি কুলি শ্রমিক ইউনিয়ন জোর করে পণ্য ওঠানো-নামানোর কাজ করে আসছে। অথচ বাংলাবান্ধা কুলি শ্রমিক ইউনিয়নের নিবন্ধন থাকলেও তাদের পণ্য ওঠানো-নামানোর কাজ করতে দেওয়া হচ্ছে না।শেষ খবর পাওয়া পর্যন্ত আগামী সোমবারের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে—এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা বিকেল পাঁচটায় অবরোধ তুলে নেন।