বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দেশের রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত ভারত, ভুটান ও নেপালের তিন রাষ্ট্রদূত আজ মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরন বলেন, শিগগিরই বাংলাবান্ধা স্থলবন্দরে মানুষ পারাপারের সুবিধা চালু হবে। এ জন্য ভারতের ফুলবাড়ী স্থলবন্দরে অবকাঠামো নির্মাণকাজ শুরু হয়েছে। এ কাজ শেষ হলেই এখানে মানুষ পারাপার চালু হবে। তিনি বলেন, বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের সঙ্গে আঞ্চলিক উন্নয়ন ও বাণিজ্য প্রসারে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতেই এ সফর।

এ সময় নেপালের রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠা ও ভুটানের রাষ্ট্রদূত ওম পেমা চোডেন উপস্থিত ছিলেন।

এর আগে এই তিন রাষ্ট্রদূত লামনিরহাটের বুড়িমারী, ভুটানের ফুয়েন্টসলিং, নেপালের কাকরভিটা স্থলবন্দর পরিদর্শন করেন।

সকাল ১০টায় আট সদস্যের প্রতিনিধিদলটি ভারতের ফুলবাড়ী হয়ে বাংলাবান্ধা দিয়ে ঢুকলে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ টি এম নাজমুল হুদা, পুলিশ সুপার আবুল কালাম আজাদ তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।