ট্রাক চলাচল উদ্বোধন করবেন প্রণব মুখার্জি ও মতিয়া চৌধুরী
বাংলাবান্ধা স্থলবন্দরে দ্বিপক্ষীয় আমদানি-রপ্তানি আজ শুরু
বাংলাবান্ধা স্থলবন্দর ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে আজ শনিবার থেকে বাংলাদেশ-ভারত আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে। বাংলাবান্ধায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও ফুলবাড়ীতে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এই কার্যক্রমের উদ্বোধন করবেন।পঞ্চগড়ের জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান, ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আওতায় আজ বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হবে। এর ফলে ভারতীয় ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দর গুদাম পর্যন্ত পণ্য পরিবহন করবে। আবার বাংলাদেশের ট্রাক পণ্য পরিবহন করে নেবে ফুলবাড়ী স্থলবন্দরের গুদামে।পঞ্চগড় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা মো. আবদুল লতিফ জানান, জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপনে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে শুধু পাথর আমদানির কথা উল্লেখ করা হয়েছে। আর বাংলাদেশ থেকে রপ্তানির ক্ষেত্রে সব বৈধ পণ্য রপ্তানি করা যাবে।সূত্র জানায়, আমদানিকারকেরা বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভুট্টা আমদানির জন্য ঋণপত্র খুলেছেন। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপনের কারণে পণ্য আমদানির ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। উদ্বোধনী দিনে বাংলাদেশ থেকে ভারতে তুলা রপ্তানি করা হবে।ভারতের পশ্চিমবঙ্গের ফেডারেশন অব এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাধারণ সম্পাদক তপন দাস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর ফলে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। আমরা আশা করছি, খুব শিগগির এই স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোস্টও চালু করা হবে।’পঞ্চগড় শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল কায়সার বলেন, বাংলাবান্ধাসহ এই অঞ্চলটি প্রতিবছর বন্যামুক্ত থাকে। আর এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে ভারতের শিলিগুড়ি, ১০ কিলোমিটার দূরে জলপাইগুড়ি, ৫৮ কিলোমিটার দূরে দার্জিলিং, ৬১ কিলোমিটার দূরে নেপালের কাকরভিটা ও ৬৮ কিলোমিটার দূরে ভুটানের ফুয়েন্টশিলিং শহর। তাই স্থলবন্দরটি ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে।