বাংলাবান্ধা স্থলবন্দরে পণ্য পরিবহন বন্ধ
পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি দুদিন ধরে বন্ধ রয়েছে। পঞ্চগড় মোটর মালিক ও শ্রমিকদের তিনটি সংগঠন গত বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
আকস্মিক এ ধর্মঘটের ফলে স্থলবন্দরের উভয় পাশে অর্ধশত পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে।
জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ জানান, স্থলবন্দর কর্তৃপক্ষ পণ্য পরিবহনের কোনো নিয়মনীতি মেনে চলে না। স্থলবন্দরের কুলি ও শ্রমিকেরা ট্রাকচালকদের কাছ থেকে জোর করে টনপ্রতি ৩৫ টাকা করে অতিরিক্ত চাঁদা আদায় করেন। এ নিয়ে বৈঠকের মাধ্যমে প্রশাসনের নেওয়া টনপ্রতি ৩০ টাকার সিদ্ধান্ত মানা হচ্ছে না। অভিযোগ অস্বীকার করে বাংলাবান্ধা কুলি ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, পরিবহন মালিক ও শ্রমিকেরা সিন্ডিকেট করে ট্রাকের ভাড়া বেশি আদায় করছেন। ২৫ মেট্রিক টনের ট্রাকে ৩৫-৪০ মেট্রিক টন পণ্য তুলছে।