বাংলাবান্ধায় বিএসএফের বাধায় সড়কের নির্মাণকাজ বন্ধ
পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের বাংলাবান্ধা অংশের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিন দিন ধরে এ কাজ বন্ধ রয়েছে। বিএসএফ বলছে, শূন্যরেখার ১৫০ গজের মধ্যে এই সড়ক নির্মাণ করা হচ্ছে, তাই তা বন্ধ করে দেওয়া হয়েছে। সড়ক বিভাগ সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে রোড ইমপ্রুভমেন্ট নেটওয়ার্ক প্রজেক্ট-২-এর আওতায় ১৩১ কোটি টাকা ব্যয় ধরে এই সড়কের প্রায় ৫৪ কিলোমিটার প্রশস্তকরণসহ উন্নয়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো লিমিটেড। মনিকো লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক আবদুল্লাহ হেল কাফী বলেন, ভারতের ফুলবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা মহাসড়কটির বাংলাবান্ধা অংশের ১৫০ মিটারে কাজ করতে বাধা দিয়েছে। বাধা উপেক্ষা করে কাজ করতে চাইলে বিএসএফ গুলি করার হুমকি দেয়। বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর লাগোয়া মহাসড়কের ওই অংশের কাজ না হলে ট্রাকের চলাচল ব্যাহত হওয়াসহ আমদানি-রপ্তানি কার্যক্রমও ব্যাহত হবে। বিএসএফ শূন্যরেখা পর্যন্ত সড়কের উন্নয়ন করেছে। কিন্তু বাংলাদেশকে সড়ক নির্মাণে বাধা দিচ্ছে। বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিএসএফ ওই অংশের নির্মাণকাজ করতে দিতে রাজি নয়। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।