বাংলাবান্ধায় যাতায়াত সুবিধা চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বৈধভাবে মানুষের যাতায়াতের সুবিধা (ইমিগ্রেশন) আগামীকাল বৃহস্পতিবার চালু হচ্ছে। আগামীকাল বেলা আড়াইটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) বিজয় কুমার সিং যৌথভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
আজ বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে। অনুষ্ঠানটি হবে বাংলাবান্ধা স্থলবন্দর চত্বরে। এর আগে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সড়কপথে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব, পৌরসভা-বিষয়ক ও আরবান উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোয়াজ্জেম আলী, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল আজিজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ইমিগ্রেশন) গোলাম মোস্তফা, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজোয়ান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এদিকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মানুষের যাতায়াতের সুবিধার চালুর খবরে পঞ্চগড়ে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করছে।
১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর এই বন্দর দিয়ে নেপালের সঙ্গে ও ২০১১ সালের ২২ জানুয়ারি ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চালু হয়।