বাংলাবান্ধায় যাতায়াত সুবিধা চালু হচ্ছে আজ
পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বৈধভাবে মানুষের যাতায়াতের সুবিধা (ইমিগ্রেশন) চালু হচ্ছে আজ বৃহস্পতিবার। বেলা আড়াইটায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) বিজয় কুমার সিং যৌথভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব, পৌরসভা-বিষয়ক ও আরবান উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোয়াজ্জেম আলী, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল আজিজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ইমিগ্রেশন) গোলাম মোস্তফা, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজোয়ান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে। অনুষ্ঠানটি হবে বাংলাবান্ধা স্থলবন্দর চত্বরে। এর আগে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সড়কপথে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছাবে।
এদিকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মানুষের যাতায়াতের সুবিধার চালুর খবরে পঞ্চগড়ে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাতের নেতৃত্বে গত মঙ্গলবার সন্ধ্যায় শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। একই দিন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল আলম পাটোয়ারী চেম্বার ভবনে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার রাতে জেলা নাগরিক কমিটি নজরুল পাঠাগারে আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। এ ছাড়া জেলা নাগরিক কমিটি কাল শুক্রবার বিকেলে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।