বাংলাবান্ধায় যাতায়াত সুবিধা চালু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বৈধভাবে মানুষের যাতায়াত কার্যক্রম (ইমিগ্রেশন) চালু হচ্ছে। আজ বুধবার বেলা আড়াইটায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) বিজয় কুমার সিং এই কার্যক্রম উদ্বোধন করবেন বলে জেলা প্রশাসন জানিয়েছে। এ সময় ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা উপস্থিত থাকবেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ইমিগ্রেশন সুবিধা চালুর দিনক্ষণ চূড়ান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে গতকাল মঙ্গলবার বলেন, ভৌগোলিক ও বাণিজ্যিকভাবে এ স্থলবন্দরটির অনেক গুরুত্ব রয়েছে। এখানে ইমিগ্রেশন চালু হলে বন্দরটি যেমন কর্মমুখর হবে, তেমনি রাজস্ব আয়ও বহু গুণ বাড়বে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে ইমিগ্রেশন-সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাবান্ধা বন্দরের বিপরীতে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থলবন্দর। ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর এ বন্দর দিয়ে নেপালের সঙ্গে এবং ২০১১ সালের ২২ মে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চালু হয়। পঞ্চগড়বাসী এ বন্দর দিয়ে মানুষের যাওয়া-আসার সুবিধা দিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল।
স্থানীয় বিভিন্ন সংগঠন ইমিগ্রেশন-সুবিধা চালুর দাবিতে আন্দোলন করে আসছিল। ভারতের রাষ্ট্রপতি ও সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জিসহ দুই দেশের কয়েকজন মন্ত্রী একাধিকবার এই সুবিধা চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন-সুবিধা চালুর খবরে পঞ্চগড়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাতের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং পঞ্চগড় নাগরিক অধিকার কমিটি ইমিগ্রেশন-সুবিধা চালুর সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানায়। পঞ্চগড় চেম্বারের সভাপতি আশরাফুল আলম পাটোয়ারী গতকাল প্রথম আলোকে বলেন, বাংলাবান্ধাই দেশের একমাত্র সীমান্ত তল্লাশিচৌকি, যেখান দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান—এ চারটি দেশে সহজে যোগাযোগ সম্ভব। এটা চালু হলে চার দেশই লাভবান হবে।