বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের জ্যেষ্ঠ ভিডিও এডিটর রফিকুল ইসলাম ওরফে মীম রাসেলের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বুধবার গভীর রাতে মালিবাগের বাসা থেকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গলায় রশি পেঁচানোর চিহ্ন আছে বলে পুলিশ জানিয়েছে। রাসেলের পরিবার এই মৃত্যুকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলি নোমান জানান, ঘটনাটি রহস্যজনক, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।পারিবারিক সূত্র জানায়, মীম রাসেল সপরিবারে পশ্চিম মালিবাগের নিজ বাসায় থাকতেন। তাঁর স্ত্রী লিপি আক্তার অন্তঃসত্ত্বা, আট মাস আগে তাঁদের বিয়ে হয়েছে। বুধবার মধ্যরাতে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় প্রথমে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত পৌনে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।রাসেলের স্ত্রী লিপি আক্তার জানান, রাত সোয়া একটার দিকে তাঁর ঘুম ভাঙলে দেখেন রাসেল পাশে নেই। দরজা খুলতে গিয়ে বুঝতে পারেন বাইরে থেকে ছিটকিনি লাগানো আছে। এরপর তিনি চিৎকার শুরু করেন। বিকল্প পথ দিয়ে বাথরুমে ঢোকার সময় দেখেন, রাসেল দরজার সামনে উপুড় হয়ে পড়ে আছেন। তাঁর মনে হচ্ছিল রাসেল কারও সঙ্গে ধস্তাধস্তি করেছেন। এ সময় তিনি তাঁর শাশুড়ি ও পরিবারের লোকদের ডাকেন। তাঁর ডাক-চিৎকার শুনে তাঁরা ছুটে আসেন। তিনি বলেন, কে তাঁর কক্ষে ছিটকিনি লাগাল, সেটা তিনি বুঝতে পারছেন না।রাসেলের মা রওশন আরা বলেন, তাঁর ছেলের কোনো শত্রু নেই। কোনোভাবেই সে আত্মহত্যা করতে পারে না। তাঁর ধারণা, ছেলেকে হত্যা করা হয়েছে।গতকাল ঘটনাস্থলে রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ছাদে টানানো রশি দিয়ে মৃত্যুর ঘটনা ঘটানো হয়েছে। এটা তিনি নিজেও ঘটাতে পারেন, আবার অন্য কেউ ঘটাতে পারেন। তবে ছাদের চারদিক খোলা। এখানে বাইরে থেকে লোকও আসতে পারে।মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক সাহেব আলী জানান, পুলিশ মালিবাগের ওই বাড়ির ছাদের পানির ট্যাংকসংলগ্ন পানির পাইপের সঙ্গে পেঁচানো অবস্থায় কয়েক হাত নাইলনের রশি জব্দ করেছে। এ ঘটনায় মীম রাসেলের ভাই নাজমুল হক বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেন।