বাংলামেইলের তিনজন কারাগারে
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার বাংলামেইল ২৪ ডটকমের তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশের পক্ষ থেকে তাঁদের রিমান্ড নেওয়ার আবেদন করা হলে তা নাকচ করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন। ওই তিনজন হলেন বাংলামেইল ২৪ ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও নিজস্ব প্রতিবেদক প্রান্ত পলাশ।
আদালত সূত্র জানায়, তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ভুল খবর প্রকাশকে কেন্দ্র করে অনলাইন সংবাদমাধ্যম বাংলামেইল ২৪ ডটকমের তিনজনকে গ্রেপ্তার করে র্যাব ।
র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সরওয়ার প্রথম আলোকে বলেন, আটক তিনজনসহ প্রতিষ্ঠানটির মালিক ফজলুল আজিমকে আসামি করে পল্টন থানায় তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি বাংলামেইলের কার্যালয়টি তালাবদ্ধ করে রাখা হয়েছে। মেইল মিডিয়ার মালিক ফজলুল আজিম নোয়াখালী-৬ আসনের সাবেক সাংসদ।
বাংলামেইলের সম্পাদকসহ প্রতিষ্ঠানটির নয়জন সংবাদকর্মীর অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। গতকাল তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য অধিদপ্তর এক আদেশে গণমাধ্যমটির সব স্থায়ী ও অস্থায়ী কার্ড বাতিল করেছে। এ ছাড়া গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে বাংলামেইলের ওয়েবসাইটটিও বন্ধ রয়েছে।