বাংলামেইলের তিনজনের জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি আইনে করা পল্টন থানার মামলায় বাংলামেইল ২৪ ডটকমের তিনজনের জামিন মঞ্জুর করা হয়েছে। আজ রোববার ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এ আদেশ দেন।

ওই তিনজন হলেন বাংলামেইল ২৪ ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও নিজস্ব প্রতিবেদক প্রান্ত পলাশ। সংশ্লিষ্ট আদালতের পেশকার শামীম আল মাহমুদ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

বাংলামেইল ২৪ ডটকমের ওই তিনজনের আইনজীবী প্রিয়লাল সাহা প্রথম আলোকে বলেন, ‘১০ হাজার টাকা মুচলেকায় তাঁদের জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল।’

উল্লেখ্য, ৭ আগস্ট রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ভুল খবর প্রকাশকে কেন্দ্র করে অনলাইন সংবাদমাধ্যম বাংলামেইল ২৪ ডটকমের তিনজনকে গ্রেপ্তার করে র‍্যাব। এর পরিপ্রেক্ষিতে বাংলামেইলের সম্পাদকসহ প্রতিষ্ঠানটির নয়জন সংবাদকর্মীর অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এ ছাড়া গত সোমবার সন্ধ্যার পর থেকে বাংলামেইলের ওয়েবসাইটটিও বন্ধ রয়েছে।