বাংলামোটরের সড়ক গাড়ি মেরামতকারীদের দখলে

সড়কের অর্ধেক জায়গাজুড়ে অসংখ্য গাড়ি, মোটরসাইকেল দাঁড় করানো। সড়কের ওপরেই দাঁড়িয়ে থাকা যানগুলো মেরামতের কাজ চলছে। বাংলামোটর থেকে মগবাজার পর্যন্ত নিউ ইস্কাটন সড়কে প্রতিদিন এভাবেই চলে গাড়ি ও মোটরসাইকেল মেরামতের কাজ। এর মধ্যেই উল্টোপথে চলে রিকশা। ফলে যান চলাচলের জন্য সড়কটি সরু হয়ে যায়। সৃষ্টি হয় যানজট।
আবদুল আউয়াল গাড়ির স্টিয়ারিং ঠিক করাবেন। বাংলামোটর মোড় থেকে ইস্কাটনের দিকে ঢুকেছেন। গাড়িটি একটি মোটর পার্টসের দোকানের সামনে রাখার জন্য ঘোরানোর চেষ্টা করছেন। পেছনে থেমে আছে মগবাজারগামী বাসসহ অন্যান্য যান। গাড়িটি তিনি নির্দিষ্ট একটি দোকানের সামনে সড়কের ওপরেই রাখলেন। এরপর পেছনের যানগুলো নড়ার সুযোগ পেল। এভাবে সড়ক দখল করে গাড়ি মেরামত করা নিয়ে আবদুল আউয়াল বলেন, ‘বছরের পর বছর এভাবেই ঠিক করে আসতেছি। রাখার তো কোনো জায়গা নেই।’ গতকাল বিকেলে গিয়ে দেখা যায়, একটু পরপর ব্যক্তিগত গাড়ি, পিকআপ, মোটরসাইকেল আসছে। এদের মধ্যে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা বেশি। বাংলামোটর থেকে মগবাজার যেতে পুরো নিউ ইস্কাটন সড়কটির দুপাশে অসংখ্য মোটরসাইকেলের যন্ত্রাংশের দোকান। প্রায় সব কটি দোকানের সামনেই মোটরসাইকেল রাখা।
সড়কে রেখে গাড়ি মেরামতের অনুমতির বিষয়ে প্রশ্ন করলে ওয়াইবা কার ডেকোরেশনের মালিক মো. সোহাগ বলেন, ‘এটা আমাদের সমিতি বলতে পারবে। তবে মাঝে মাঝে পুলিশ এসে রেকার দিয়ে গাড়ি নিয়ে যায়।’ এ সড়কটিতে শুধু গাড়িই রাখা হচ্ছে না, উল্টো সড়ক দিয়ে হরহামেশা রিকশাও চলছে। মগবাজার থেকে বাংলামোটর যেতে যে সড়কটি ব্যবহার করতে হবে, সে সড়কে রিকশা চলছে খুবই কম। উল্টো সড়ক দিয়েই বেশির ভাগ চলছে। এর মধ্যে সড়কের অনেকটা জায়গা দখল করে রিকশাস্ট্যান্ডও করেছে।
বাংলামোটর থেকে সামনেই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ। যেটা সদা ব্যস্ত একটি সড়ক। এখান থেকেই মগবাজারগামী যানগুলো নিউ ইস্কাটনের দিকে ঢোকে। কিন্তু যানগুলো ঢোকার পরে একটির সঙ্গে আরেকটি যান চলতে গেলেই গতি ধীর হয়ে যায়। কারণ, সড়কজুড়েই মেরামতের গাড়ি রাখা। ফলে পেছনে যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে। জানতে চাইলে ঢাকা মোটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মো. মাহবুবউল্লাহ বলেন, ‘রমনা থানায় আমাদের বলা আছে। তাঁরা গাড়িগুলোকে আড়াআড়ি না রেখে দোকানের সামনে লম্বালম্বি করে রাখতে বলেছেন। যাতে সড়কে এসে না পড়ে।’ তিনি বলেন, এ সড়কে পাঁচ শ থেকে ছয় শ মোটর পার্টসের দোকান আছে। কিন্তু এরপরও কেন গাড়িগুলো সড়ক দখল করে আছে? তিনি বলেন, পুরোনো মার্কেটগুলোতে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়নি। এ জন্য সমস্যা হচ্ছে। পুলিশ প্রায়ই এসে গাড়ি নিয়ে যায়, জরিমানা করে। তবে ব্যবস্থা নেওয়া হচ্ছে শুধু গাড়ির মালিকদের বিরুদ্ধেই। রমনা থানায় যোগাযোগ করলে বলা হয়, সড়কসংক্রান্ত বিষয় ট্রাফিক বিভাগ দেখে। ঢাকা ট্রাফিক দক্ষিণ বিভাগ রমনা জোনের সহকারী কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, ‘এ রকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সড়কে গাড়ি রাখা অবৈধ।’