বাংলামোটরে গাড়ি পোড়ানোর মামলায় ফখরুল আসামি

রাজধানীর বাংলামোটরে গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসামি করে মামলা করেছে পুলিশ। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে রমনা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বাদী হয়ে রমনা মডেল থানায় এই মামলা দায়ের করেন।
রমনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রাফাত আরা সুলতানা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকালের বাস পোড়ানোর ঘটনার উসকানিদাতা হিসেবে মামলায় ফখরুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলের অজ্ঞাত দুজন আরোহীসহ ১৮ থেকে ২০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে বলে জানান তিনি।
মির্জা ফকরুলের বিরুদ্ধে এর আগে রাজধানীর বেশ কয়েকটি থানায় গাড়ি পোড়ানো এবং ককটেল বিস্ফোরণের ঘটনার উসকানিদাতা হিসেবে একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, গতকাল রাতে বাংলামোটরে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসে পেট্রলবোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে অগ্নিদগ্ধ হয়ে পুলিশের একজন সদস্য ঘটনাস্থলেই নিহত হন। আহত হন পুলিশের আরও একজন সদস্য ও বাসের চালক। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের পঞ্চম দফার অবরোধ শেষ হওয়ার সাড়ে ছয় ঘণ্টার মাথায় রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।